ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে সংঘর্ষ-আগুনে নিহত ৬৮
Posted by: News Desk
March 29, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরের একটি পুলিশ স্টেশনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানানো হয়েছিল। চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব বলেছেন, থানা হাজতে আসলে কি ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু হবে। খবর বিবিসি।
একজন কয়েদি নিজের তোশকে আগুন ধরিয়ে দিয়ে বের হয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করলে ওই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হতাহতের খবর পেয়ে তাদের স্বজনরা পুলিশ স্টেশনটির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তাদের ওপর টেয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
স্থানীয় কর্মকর্তা জেসাস স্যাট্যানডার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। তবে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
তিনি জানিয়েছেন, কতজন মারা গেছেন তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন ফরেনসিক চিকিৎসকরা। বন্দীদের স্বজনরা বলছেন, অনেকেই অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছে। বন্দীদের দেখতে যাওয়া স্বজনদের মধ্যে অনেক নারী এবং শিশুও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার কারাগারগুলো সবসময়ই জনাকীর্ন থাকে এবং সেখানকার বন্দীদের কাছে মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র থাকে। সে কারণে প্রায়ই কারাগারে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। গত মাসে কারাবোবোর একটি কারাগারে আরও একটি দাঙ্গার ঘটনায় বহু বন্দী এবং বেশ কয়েক নিরাপত্তারক্ষী নিহত হয়।
গো শাভেজ শাসনামল পরবর্তী অর্থনৈতিক সংকটে পতিত ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বিপজ্জনকভাবে বন্দি বেশি। সেখানে সহিংসতা ও দাঙ্গার ঘটনা প্রায়ই ঘটে।
ভেনেজুয়েলায় স্টেশনে আগুনে নিহত ৬৮ সংঘর্ষ পুলিশ 2018-03-29