ভোটাধিকার বঞ্চিত করে আ’লীগ ক্ষমতায় এসেছিল : ড. কামাল
Posted by: News Desk
November 17, 2018
এমএনএ রিপোর্ট : দেশের মানুষকে ভোটfধিকার থেকে বঞ্চিত করে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সুপ্রিমকোর্টে বলেছিল- ২০১৪ সালের নির্বাচন পরিস্থিতির আলোকে নিয়েছি, দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. কামাল আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে বলেন, সরকার কি এতই হালকা হয়ে গেছে যে কোর্টে দাঁড়িয়ে এ ধরনের কথা বলতে পারে। দ্রুত মানে কি পাঁচ বছর?
আজ শনিবার সুপ্রিমকোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, আমরা বাংলাদেশের মানুষ দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলাম। আমরা দেশকে আবার পরাধীন বানাতে দিতে পারি না।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ওরা যতই দশ নম্বরি করুক— আমরা সকলে ভোট দিতে যাবো। হাজার হাজার মানুষ ভোট দিতে যাবে। আগামী নির্বাচন ঘিরে দেশের সকল ভোটারকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’
এবার নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি— একথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘এরাই দেশের মালিক। নির্বাচনকে ঘিরে গুণ্ডাপাণ্ডা থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে।’
তিনি বলেন, ‘মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ যাতে প্রার্থী হতে না পারে… সংঘবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। জনগণকে বিশ্বাস করতে হবে— আমরাই সকল ক্ষমতার উৎস, আমরাই দেশের প্রকৃত মালিক।’
তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। তারা ভোটের মাধ্যমে দেশের শাসনক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু দেশের মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
‘তারা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা পরিস্থিতির আলোকে এই নির্বাচন নিয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে আরেকটি নির্বাচন দেব। পাঁচ বছর পেরিয়ে গেল। দ্রুত কথার অর্থ যে পাঁচ বছর তা আমরা জানতাম না’, বলেন ড. কামাল।
এজন্য ভাঁওতাবাজির মেডেল থাকলে তাদের দেয়া উচিত বলেও মন্তব্য করেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. কামাল হোসেন বলেন, ‘এতদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, সেখানে খালেদা জিয়াকে, একটি বড় দলের নেত্রীকে পরিত্যক্ত জেলে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সংঠনের সদস্য সচিব এ এম মাহবুব উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।
আ'লীগ বঞ্চিত ক্ষমতায় ড. কামাল ভোটাধিকার এসেছিল 2018-11-17