ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান
Posted by: News Desk
October 23, 2017
এমএনএ রিপোর্ট : ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এর অবস্থান। নতুন এই গ্যাসক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ তথ্য জানায়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের গ্যাসক্ষেত্র আবিষ্কারের তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভোলায় বাপেক্স গ্যাস পাওয়ার জন্য কাজ করছে। খবর পাওয়া গেছে যে, একটি গ্যাস খনির সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে যে, এখানে ৭০০ বিলিয়ন কিউবিক ফুট বা বিসিএফ গ্যাস হয়তো আছে। আগে যে কূপ আছে সেটা ও এটা (নতুন কূপ) মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন কিউবিক ফুট (ঘন ফুট) গ্যাসের সংস্থান ওখানে আছে বলে আমরা জানতে পেরেছি।’
তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য সুসংবাদ।’
ভোলার শাহবাজপুর ক্ষেত্র থেকে ২০০৯ সালের ১১ মে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। সেখানে থাকা চারটি কূপের মধ্যে তিনটি থেকে প্রতিদিন প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে বলে বাপেক্স ওয়েবসাইটের তথ্য।
শাহবাজাপুরে ৩৫ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ রয়েছে বলে বাপেক্সের প্রকৌশলীদের ধারণা।
ভোলার শাহবাজপুরে যে গ্যাস কূপ রয়েছে সেটার পাশেই নতুন কূপটি আবিষ্কৃত হয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান শফিউল আলম।
নতুন সন্ধান ভোলায় গ্যাসক্ষেত্রের 2017-10-23