Don't Miss
Home / আজকের সংবাদ / মঙ্গলবার আদালতে হাজির হবেন খালেদা জিয়া

মঙ্গলবার আদালতে হাজির হবেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আগামী মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি এ জামিন আবেদন করবেন।

আইনজীবীদের পরামর্শে খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

KHALEDA.

আজ রবিবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘ বেগম খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে বিচারিক আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা থাকায় তিনি আত্মসমর্পণ করবেন।’

তিনি জানান, আত্মসমর্পণের পর খালেদা জিয়ার পক্ষ থেকে জামিন চাইবেন তার আইনজীবীরা।

৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিরা গ্রেপ্তার হয়েছেন কি না, তা পুলিশকে আগামী ২৭ এপ্রিল জানাতে বলেছেন আদালত। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান।

ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...