Don't Miss
Home / আজকের সংবাদ / মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন

এমএনএ রিপোর্ট : রাজধানীর পরীবাগে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’নামক এক মত বিনিময় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিক সমস্যার কথা শুনতে জনতার মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন সাঈদ খোকন।
নাগরিকদের সুযোগ-সুবিধা ও তাদের মতামত নিতে ওয়ার্ডে ওয়ার্ডে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানের আয়োজন করে আসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের অনুষ্ঠান হয়। এদিন এমন একটি অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সেখানে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শুনে উত্তর দিচ্ছিলেন মেয়র। প্রশ্নের উত্তর দেওয়ার সময় হঠাৎ করেই অস্থায়ী ওই মঞ্চটি ভেঙে মাটিতে পড়ে যান মেয়রসহ অন্যরা। এসময় মঞ্চে প্রায় ৩০-৩৫ জনের মতো ছিলেন। তবে কেউ আহত হননি। বেলা সাড়ে ১২ টার কিছু সময় পরে এ ঘটনা ঘটে।
পরে উঠে দাঁড়িয়ে মেয়র সাঈদ খোকন বলেন, আল্লাহর রহমতে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। সবাই ভালো আছেন। এটি দুর্ঘটনাবশত হয়েছে। যেহেতু এমন দুর্ঘটনা ঘটেছে তাই আজ আর দু-একটি প্রশ্ন নিয়েই অনুষ্ঠান শেষ করে দেবো।
সবাই ধাতস্থ হলে রাস্তায় দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা বলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বেলা ১টার দিকে সেখান থেকে তিনি চলে যান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...