Don't Miss
Home / আজকের সংবাদ / মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!

এমএনএ সাইটেক ডেস্ক : মধ্যরাতে ছয় ঘণ্টা করে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন শাখা।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত চাওয়া হয়েছে। বিটিআরসির মতামত পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার।

আজ সোমবার শ্যাম সুন্দর সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি এসেছে। আমরা বিটিআরসির মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেব।’

তবে সচিব বলেন, এভাবে ফেসবুক বন্ধ রাখার বিষয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সমর্থন করে না।

এদিকে টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

তিনি জানান, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সারওয়ার আলম বলেন, এই সময়ে তরুণ সমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।

চিঠিতে ফেসবুক ‘শিক্ষার্থীদের প্রভাবিত করছে’ এবং ‘তরুণদের কাজ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে’ বলা উল্লেখ করা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। এখন এটা নিয়ে বসব। এর কারিগরি দিকসহ নানা বিষয়ে কথা বলে আমাদের মতামত দেব।’

তিনি আরও বলেন, এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন তাই এ বিষয় ইতিবাচক নেতিবাচক দেখার সুযোগ নেই। আমরা শুধু কারিগরি দিকটাই পর্যালোচনা করব।’

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে রাত বারটা থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি উঠে এসেছে।

এদিকে ফেসবুক বর্তমানে ব্যবসায়িক যোগাযোগেরও জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠায় রাতে এ মাধ্যমটি বন্ধ রাখলে ব্যবসায়িক যোগাযোগের ক্ষতি হবে কি না- সেটাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...