মধ্যরাতে ঢাবির হলে হলে ছাত্রলীগের হামলা
Posted by: News Desk
April 11, 2018
এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে কোটা সংস্কার পক্ষের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ক্যাডারদের হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেসা মুজিব, বেগম রোকেয়া হল, স্যার এ এফ রহমান হল, জহুরুল হক, হাজী মুহাম্মদ মহসিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এসএম হল, ও সূর্যসেন হল থেকে সাধারণ শিক্ষাথীদের বের করে দেয়ার হুমকি দেয়াসহ মারধর এবং বিভিন্ন রকমের হেনস্তা করেছেন ছাত্রলীগ ক্যাডাররা।
সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি হলে গতকাল মঙ্গলবার গভীর রাতে কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের মারধর করেছে ছাত্রলীগের ক্যাডাররা।
বেগম সুফিয়া কামাল হলের বাসিন্দা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোর্শেদা খাতুন নামে এক শিক্ষার্থীকে মারধর করার খবর পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশার ৩০৭ নম্বর রুমে মারধর চলছে। হলের এক শিক্ষার্থীর মাথায় সেলাই দেয়া হয়েছে। দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবি দেখে ফজলুল হক হল, শহীদুল্লাহ হল থেকে সাধারণ শিক্ষার্থীরা ওই হলের সামনে উপস্থিত হয়।
এদিকে, ওই হলের সাধারণ শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় বেগম সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি এশাকে তারা অবরুদ্ধ করে রাখেন।
হামলার প্রতিবাদে হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে হল থেকে বের করে দেয়ার দাবিতে বিক্ষোভ করছে। নতুবা হলের সব মেয়ে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোকেয়া হলেও মেয়েদের টর্চার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোকেয়া ও শামসুন্নাহার হলের মেয়েরা বাইরে বেরিয়ে এসেছেন। জিয়া হলের ১ম ও ২য় বর্ষের ছাত্ররাও বাইরে এসে বিক্ষোভ করছেন।
এদিকে, মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমনকে সূর্যসেন হলের নিজ কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হল শাখার উপ-প্রচার সম্পাদক সাগর তাকে বের করে দিয়ে তার কক্ষটি দখল করে নিয়েছে।
এছাড়া সন্ধ্যার পর থেকে বিভিন্ন হলে ছাত্রলীগ বর্ধিত সভা করে নিজেদের কর্মীদের ধমক দিয়েছে যেন আন্দোলনে না যায়। এছাড়াও সাধারণ ছাত্রছাত্রীদদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান নেতাকর্মীদের হুমকি দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স অভিযোগ অস্বীকার করে বলছেন, কারা অরাজকতা করছে জানি না। প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। শিক্ষকদের পাঠানো হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের শিক্ষকরা সেখানে গেছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রলীগের ঢাবির মধ্যরাতে হলে হামলা 2018-04-11