এমএনএ রিপোর্ট : মন্ত্রিসভায় রদবদলের আভাস দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় রদবদল আসবে। তবে কবে নাগাদ এ রদবদল হবে সে সম্পর্কে এখনই কিছু বলা নম্ভব নয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আমি আগেও বলেছি যে, এটা প্রাইম মিনিস্টারের নিজের এরিয়া। এখানে আমাদের কারও কিছু বলার নেই। কাকে তিনি রাখবেন, কাকে তিনি বাদ দেবেন অথবা এই মুহূর্তে তিনি একটা রিসাফল (রদবদল) করবেন কি না। তবে একটা রিসাফল বোধ হয় হতে পারে। তবে কোন সময় হবে, কী হবে সেটা আমি ঠিক জানি না। একটা রিসাফল হতে পারে। হওয়াটা স্বাভাবিক।
উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হবে বলে একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। এর জবাবে তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো
বাস্তবতা নেই। আমি বলব এটা একটা ভিত্তিহীন মিথ্যা কথা। এটার কোনো বাস্তবতা নেই, এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই।
অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন কারও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের অবস্থান এখন অনেক উচ্চতায়। আমাদের এখন যে উচ্চতায় এবং সেখানে আমাদের গণতন্ত্রের বিষয়টা আমরাই দেখব। আমাদের এখানে যদি অপজিশনের (বিরোধী দল) সঙ্গে সমস্যা হয়, সেটাও আমরা দেখব। আমি বিনয়ের সঙ্গে বলব, বাংলাদেশকে এখন কারও পরামর্শ আর উপদেশ দেওয়ার দরকার নেই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই এবং আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক নাক গলানোর অবশ্যই আমরা বিরোধিতা করি। আমাদের কোনো ত্রুটি থাকলে, আমরাই সমাধান করব। জনগণ প্রোটেস্ট করবে। কিন্তু বাইরের শক্তি চাপ দিয়ে কিছু করবে, সে দিন চলে গেছে। বাংলাদেশ সে জায়গা অতিক্রম করে অনেক দূর এগিয়ে এসেছে।
তিনি বলেন, নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন চাইলে রোডম্যাপ সংশোধনও করতে পারে। নির্বাচনকালে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহৃত হবে কি না, সেটা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।
হাইকমিশনার জুলিয়া নিবলেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন দুপুরে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
