Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রিসভায় হজ ও ওমরাহ প্যাকেজ অনুমোদন

মন্ত্রিসভায় হজ ও ওমরাহ প্যাকেজ অনুমোদন

এমএনএ রিপোর্ট : সরকারি ব্যবস্থাপনায় খরচ কিছুটা বাড়িয়ে দু’টি প্যাকেজের মাধ্যমে ‘হজ প্যাকেজ-২০১৮’ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।
এরমধ্যে হজ প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। যা গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। গত হজের তুলনায় প্যাকেজ-১ এর খরচ বেড়েছে ১৬ হাজার ৪২১ টাকা।
আর প্যাকেজ-২ এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা ব্যয় ধরা হয়েছে। যা গত বছর তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল। গত হজের তুলনায় প্যাকেজ-২ এ বেড়েছে ১২ হাজার ৪ টাকা। একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ দু’টি প্যাকেজের কম খরচে কাউকে হজে নিতে পারবেন না বেসরকারি এজেন্টরা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। শফিউল আলম জানান, এবার বিমান ভাড়া ১২ থেকে ১৬ হাজার টাকা বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় খরচ একটু বেড়েছে।
সচিব জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ পালিত হবে। এবার হজে যেতে চাইলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) লাগবে। আগ্রহী হজযাত্রীদের অনলাইনে প্রাকনিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না।
তিনি আরও জানান, ৪৫ জন হাজির টিমে একজন করে গাইড থাকবে। কোনো কারণে নিবন্ধিত কেউ হজে যেতে না পারলে প্রাকনিবন্ধন করা ব্যক্তিদের মধ্য থেকে সর্বোচ্চ শতকরা চারজনকে প্রতিস্থাপন করার সুযোগ পাবে এজেন্সিগুলো। আগামী ২৫ জুন (১০ শাওয়াল) তারিখের মধ্যেই হজে গমনেচ্ছুদের অফিসিয়াল কার্যক্রম শেষ করতে হবে।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...