Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং অভ্যন্তরীণ সফরের সময় অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে সরকার।

গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার প্রকাশ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিদেশ যাত্রা ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। একইভাবে, দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রীর ইচ্ছানুযায়ী তার ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের স্থানে একান্ত সচিব উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জেলা সদরে মন্ত্রীদের আগমন ও বিদায়ের সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে তাদের নিজস্ব সরকারি সফর থাকলে তা বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে ডিসি বা এসপি সফরসূচি পরিবর্তন করতে পারবেন।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে সাধারণত জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি প্রয়োজন হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরের বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন-প্রস্থানের সময় প্রয়োজন না হলে জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই। তবে ট্রানজিট হিসেবে কোনো স্থান ব্যবহৃত হলে সংশ্লিষ্ট জেলার প্রশাসনের একজন উপযুক্ত প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সংশ্লিষ্ট সব স্টেশন ও ফাঁড়িকে তাৎক্ষণিকভাবে অবহিত করবে এবং প্রয়োজনীয় স্থানে পুলিশ কর্মকর্তা মোতায়েন থাকবে।

সাধারণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকারিভাবে করা হবে, তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে এ সংক্রান্ত ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপমন্ত্রীকে।

এছাড়া, সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে ব্যক্তিগত বাসস্থান বা অন্যত্র অবস্থান করলেও রাষ্ট্রাচারের বিদ্যমান নিয়ম প্রযোজ্য থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা নির্দেশাবলির পরিবর্তে নতুন এই নির্দেশনাই কার্যকর হবে।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...