Don't Miss
Home / আজকের সংবাদ / মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ ডলার

মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ ডলার

এমএনএ বিজনেস রিপোর্ট : চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

সেই সঙ্গে এবার জিডিপি প্রবৃদ্ধি প্রথমবারের মতো ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় আশা করছে।

২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির এই হিসাব করেছে।

Porikolpona

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হিসাব তুলে ধরে হয়।

পরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৬ শতাংশ। আর গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার।

চলতি অর্থবছরে জিডিপির আকার ১৭ লাখ ২৯ হাজার কেটি টাকায় দাঁড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনেক দিন ধরে দেশে ও দেশের বাইরে বলাবলি করছিল আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে ঘুরাঘুরি করছে। এবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে।

পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন ঠিক থাকলে এক বছরেই মাথাপিছু আয় বাড়ছে দেড়শ ডলার। আর প্রবৃদ্ধি দাঁড়াচ্ছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশে।

অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছে, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।

Dolar

মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের এ জিডিপি প্রবৃদ্ধি এক কথায় অসাধারণ। আগে বিশ্ব ব্যাংক ও ইউএনডিপি আমাদের অর্থনীতির প্রশংসা করত। এখন ইউরোপও বলছে বিনিয়োগের পরবর্তী ঠিকানা বাংলাদেশ।

পরিসংখ্যান ব্যুরোর হিসাব উদ্ধৃত করে মন্ত্রী বলেন, চলতি অর্থবছর দেশে মোট জিডিপির ২৯ দশমিক ৬৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। গত অর্থবছর এই হার ছিল ২৮ দশমিক ৮৯ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি প্রাক্কলন হয়েছে ২ দশমিক ৬০ শতাংশ, শিল্প খাতে ১০ দশমিক ১০ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৭০ শতাংশ।

এ ছাড়া মৎস্য খাতে ৬ দশমিক ১৯ শতাংশ, খনিজ সম্পদে ১২ দশমিক ০৬ শতাংশ, শিল্প উৎপাদনে ১০ দশমিক ৩০ শতাংশ, বিদ্যুৎ,গ্যাস ও পানি সরবরাহ খাতে ১১ দশমিক ১৫ শতাংশ, নির্মাণ শিল্পে ৮ দশমিক ৮৭ শতাংশ, হোটেল রোস্তারাঁ খাতে ৭ শতাংশ এবং পরিবহন খাতে ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে বিবিএস প্রাক্কলন করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...