এমএনএ জাতীয় ডেস্কঃ দরদী মন নিয়ে পাশে দাঁড়ানো, পরকে আপন করে নেয়া বাঙালির বৈশিষ্ট্য বলে আত্মউপলব্ধি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শান্তি মিশনের সুনির্দিষ্ট কর্মসূচির বাইরেও সশস্ত্র বাহিনীর মানবিক দিকগুলোও ফুটে উঠছে। এজন্য আমি গর্ববোধ করি। এই মানবিক দিকের জন্যই শান্তিরক্ষায় বাংলাদেশিদের চাহিদা বেশি।
শনিবার (২৯ মে) জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা যেমন নিজের দেশকে ভালোবাসি তেমনই যেখানেই নির্যাতিত-নিপীড়িত মানুষ আছে তাদের সঙ্গে আছি।
তিনি আরও বলেন, বাঙালিরা যেখানেই যাচ্ছেন, একদিকে যেমন শান্তি রক্ষায় প্রতিপক্ষকে মোকাবিলা করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা সেখানকার সাধারণ মানুষের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে তুলছেন। দরদী মন নিয়ে পাশে দাঁড়াচ্ছেন। এটা মনে হয় বাঙালি হিসেবে আমাদের বৈশিষ্ট্য, পরকে আপন করে নেওয়া।
বিশ্বব্যাপী শান্তি রক্ষায় জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্বরত বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শুধু প্রধানমন্ত্রী নই, জাতির পিতার মেয়ে। তাই আমার ওপর আপনাদের অধিকার আছে। তাই যে কোনো প্রশ্ন করতে পারেন।
এ সময় বিভিন্ন মিশন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা বাংলাদেশি সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালনের সময় নিহত ১২ জন সদস্যের পরিবার ও আহত ১৩ সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে ক্রেস্ট প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

