আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহন ব্যয় হঠাৎ করে বেড়ে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সুপারট্যাঙ্কারের ভাড়া ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শিপিং ডেটা ও শিল্প সংশ্লিষ্ট সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এ অঞ্চলে চলাচলকারী জাহাজে আঘাত হানার পর এ পথ দিয়ে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
পরিস্থিতির অবনতি ও দীর্ঘমেয়াদি বন্ধ থাকার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেল ও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারস এ সপ্তাহে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, কারণ সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বিশ্ববাজারে ২০ লাখ ব্যারেল তেল বহনে ব্যবহৃত ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজের বেঞ্চমার্ক ভাড়া—যা মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য ‘টিডি৩’ নামে পরিচিত—সোমবার ওয়ার্ল্ডস্কেল সূচকে ডব্লিউ৪১৯-এ পৌঁছেছে। শিল্পের মানদণ্ড অনুযায়ী এটি দৈনিক ৪ লাখ ২৩ হাজার ৭৩৬ ডলারের সমান বলে এলএসইজি ডেটায় দেখা গেছে। শুক্রবারের তুলনায় এই হার দ্বিগুণ হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়, যার ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনায় সতর্কতামূলকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।
ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার দেশটির গণমাধ্যমকে জানান, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং কোনো জাহাজ পারাপারের চেষ্টা করলে তাতে গুলি চালানো হবে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রণালীটি বন্ধ হয়নি—এমনটাই জানায় ফক্স নিউজ।
এদিকে কাতার উৎপাদন স্থগিত করার পর সোমবার এলএনজি ট্যাঙ্কারের দৈনিক ভাড়া ৪০ শতাংশের বেশি বেড়েছে। প্রাইসিং এজেন্সি স্পার্ক কমোডিটিজের তথ্যমতে, আটলান্টিক রুটে দৈনিক ভাড়া ৪৩ শতাংশ বেড়ে ৬১ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে। প্যাসিফিক রুটে ভাড়া ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ডলারে।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি-এর গ্লোবাল এলএনজি বিভাগের প্রধান বিশ্লেষক ফ্রেজার কারসন বলেন, সীমিত জাহাজ সরবরাহের কারণে চলতি সপ্তাহে স্পট মার্কেটে এলএনজি পরিবহন ভাড়া এক লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে আবহাওয়াজনিত বিঘ্নের কারণে তৈরি হওয়া জট এখনো কাটিয়ে উঠতে পারছেন না কার্গো অপারেটররা। ফলে মার্চের বাকি সময়ের জন্য জাহাজের প্রাপ্যতা দুর্বল রয়েছে এবং যে কোনো উপলব্ধ জাহাজের জন্য তীব্র প্রতিযোগিতা দেখা দেবে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত শিপিং কার্যক্রম স্থবিরই থাকবে বলে তিনি মন্তব্য করেন।
একজন তেল শিপব্রোকার নাম প্রকাশ না করার শর্তে জানান, একাধিক জাহাজমালিক অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করায় উপসাগরীয় অঞ্চলে ভাড়ার সঠিক হিসাব নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার শিপিং প্রতিষ্ঠান হুন্দাই গ্লোভিস মঙ্গলবার জানিয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প রুট ও বন্দর নিশ্চিতসহ বিভিন্ন জরুরি পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে তারা।
এছাড়া দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে চলাচলকারী দেশটির জাহাজগুলোকে ওই অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। ইরানের হুমকির প্রেক্ষাপটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে মন্ত্রণালয় বৈঠকও করছে বলে এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

