এমএনএ রিপোর্ট : ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধু জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে বারিধারায় তার দেশের দূতাবাস কমপ্লেক্সে যান। ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
বৈঠক করেছেন। সন্ধ্যায় তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।
বিকালে সেখানেই কেরির সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
গুলশানের বাড়ি থেকে বিকাল সোয়া ৪টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় এক ঘণ্টা পর বিকাল ৫টা ১০ মিনিটের দিকে তিনি দূতাবাস ত্যাগ করেন।
খালেদার সঙ্গে আরও দুটি গাড়িতে যুক্তরাষ্ট্রের চ্যান্সরি কমপ্লেক্সে ঢোকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ ও বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
জন কেরির সঙ্গে খালেদার কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো বক্তব্য বিএনপির কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

