Don't Miss
Home / আজকের সংবাদ / মেক্সিকোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮

মেক্সিকোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকোয় গতকাল মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। ধসে পড়েছে দেশটির রাজধানী মেক্সিকো সিটির কয়েক ডজন দালান। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১।

৭.১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ ।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তার বের হতে থাকেন। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

সরকার জানায়, এই ভূমিকম্পে দেশটির মোরেলেস ও পুয়েবলা প্রদেশ দু’টি থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। জনস্বার্থ রক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়ক লুইস ফিলিপ পুয়েন্তা জানান, এ ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত মোরেলেস প্রদেশে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সেখানকার গভর্নর। ভূমিকম্পে মেক্সিকো সিটিতে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বের শহর পুয়েবলাতে ২৯ জন এবং মেক্সিকো রাজ্যে নয়জন মারা গেছে।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছেন। তবে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে খবরে বলা হয়।

ভূমিকম্পে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা জানান, ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিপর্যয়ে দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

তিনি জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাসপাতালে উদ্ধার অভিযান চালানোর এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।

তিনি ইতোমধ্যে হেলিকপ্টারে করে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করে এসে উদ্ধার কাজে জরুরি সমন্বয়ের বিষয়ে বৈঠক করেন।

ড্যানিয়েল লিবারসন নামে এক পর্যটক বলেন, ‘ভূমিকম্পের সময় আমি একটি আবাসিক হোটেলের ২৬ তলায় ছিলেন। সেসময় হোটেল ভবনটি ভয়াবহভাবে এপাশ-ওপাশ দুলছিল। চারপাশে কাঁচ ভেঙে পড়ছিল। মাত্র আধা মিনিটের ভূমিকম্পটিকে মনে হয়েছিলো আমার সারাজীবন ধরে চলছে।’

টেলিভিশনে আসা ছবিতে দেখা যায়, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসে গেছে, সেখানে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি সরকারি ভবনের এক পাশ রাস্তায় পড়ছে এবং পথচারীরা চিৎকার করছেন।

মেক্সিকো সিটির দক্ষিণ দিকের শহর কুয়েরনাভাকায় ধসে পড়া ভবনের নিচে অনেকে চাপা পড়েছেন বলে স্থানীয় রেডিওর সংবাদে বলা হয়।

৩২ বছর আগে ১৯৮৫ সালের ঠিক এই দিনেই মেক্সিকোতে একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

উল্লেখ্য, ভূমিকম্পন প্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের ৭ তারিখে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে ৯৬ জন প্রাণ হারায়। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৮.১ মাত্রা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...