Don't Miss
Home / আজকের সংবাদ / মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুনে নিহত ৬

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুনে নিহত ৬

এমএনএ রিপোর্ট : মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলের ৪র্থ তলায় আগুনের এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। তারা হলেন মোহাম্মদ বাবু (২২), মোহাম্মদ রতন মিয়া (২০), মোহাম্মদ সজীব (২৪), মোহাম্মদ ইস্রাফিল (২৬), মোহাম্মদ নাজমুল হাসান (২২) ও হাসিনা বেগম (৬০)।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ৪র্থ তলা থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মিলে ভিতরে আরও মরদেহ থাকতে পারে।

জয়নাল বলেন, কেমিকেলের গুদামে আগুন লাগার পর গ্যাসের সৃষ্টি হলে তাতেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। তাদের কেউ পুড়ে মারা যাননি। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের অন্যান্য ইউনিটে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, আরও কয়েক শ্রমিককে পাওয়া যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নানা কারণে কারখানাটির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ারদার জানান, সতর্কতার মধ্যেই খোঁজা-খুঁজি চলছে। একই সাথে আগুন পুরোপুরি নেভানো হচ্ছে।

পুলিশ জানায়, কারখানার দ্বিতীয় তলায় সকালে রাসায়নিক ব্যবহার করে স্যাম্পল তৈরির কাজ চলছিল। পাশেই চলছিল ওয়েলডিংয়ের কাজ। ওয়েলডিংয়ের ফুলকি থেকে পাশের রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লেগে যায়। পরে তা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

এদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার কর্মকর্তাকে আটক করে পুলিশ। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত শ্রমিকদের দাফন কারার জন্য ২০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...