Don't Miss
Home / আজকের সংবাদ / মেছতার দাগ দূর করার সহজ ৪টি উপায়

মেছতার দাগ দূর করার সহজ ৪টি উপায়

এমএনএ ফিচার ডেস্ক : ত্বকের অন্যতম বিব্রতকর এবং মারাত্নক সমস্যা হলো মেছতা। মেছতার দাগ দূর করার সহজ ৪টি উপায় নিয়ে এ বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন- সাফিনা ওয়াহেদ মৌ

মুখে কালো বা বাদামী রঙের যে ছোপ ছোপ দাগ পড়ে তাকে মেছতা বলা হয়। ত্বক খুব বেশি সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বকের মেলোনসাইটস কোষ বৃদ্ধি পায়, যা ত্বকে কালো দাগ ফেলে। এই কালো দাগকে মেছতা, ডার্ক স্পটস, সান স্পটস, লিভার স্পটস ইত্যাদি বলা হয়।

বিভিন্ন কারণে ত্বকে মেছতার দাগ পড়তে পারে। এর মধ্যে অন্যতম কিছু কারণ হলো, কোন প্রতিরক্ষা ছাড়া অতিরিক্ত সূর্যের আলোতে যাওয়া, জন্ম নিয়ন্ত্রের পিল খাওয়া, থাইরয়েড সমস্যা, হরমোনের তারতম্য, বংশগত কারণে, অতিরিক্ত চিন্তা, কাজের চাপ, কম ঘুম ইত্যাদি।

এই বিচ্ছিরি দাগ নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। নানা রকম ক্রিম, স্কিন ট্রিটমেন্ট করা হয় এই দাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। অনেক তো ব্যবহার করলেন নানান বিউটি প্রোডাক্ট, এইবার না হয় ঘরোয়া এই উপায়গুলো ব্যবহার করে দেখুন।

১। অ্যাপেল সাইডার ভিনেগার

মেছতার দাগ দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর। সমপরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার এবং পানি একসাথে মিশিয়ে নিন। এরসাথে কিছু পরিমাণে মধু মেশান। এই মিশ্রণটি ত্বকের দাগের উপর ব্যবহার করুন। প্রতিদিন একবার করে ব্যবহার করুন। কিছুদিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।

এছাড়া আধা চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে কয়েক চামচ কমলার রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের মেছতার দাগের উপর লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন। চার থেকে পাঁচ সপ্তাহ ব্যবহার করুন।

২। চন্দন

চন্দনের অ্যান্টিএইজিং এবং অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ত্বকের হাইপারপিগমেনশন কমিয়ে মেছতার দাগ দূর করতে সাহায্য করে।

দুই টেবিল চামচ চন্দনের গুঁড়া, এক টেবিল চামচ গ্লিসারিন এবং লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি কালো বা খয়েরী দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার এটি করুন।

এছাড়া প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে চন্দন পাউডার, অলিভ অয়েল, বাদাম অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। সারারাত রেখে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।

৩। অ্যালোভেরা

ত্বকের সমস্যা সমাধানে অ্যালোভেরা বেশ কার্যকর। কিছু পরিমাণ অ্যালোভেরা মেছতা দাগের উপর ম্যাসাজ করে লাগান। এটি ত্বকে ৩০ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

অ্যালোভেরা জেলের পরিবর্তে অ্যালোভেরা জুসও ব্যবহার করতে পারেন।

৪। লেবুর রস

সবচেয়ে সহজলভ্য এবং কার্যকরী উপাদান হলো লেবুর রস। এর ব্লিচিং উপাদান ত্বকের যেকোনো দাগ দূর করে দেয়। মেছতার মতো জেদী দাগ দূর করতেও লেবু কার্যকর।

ত্বকের দাগের স্থানে লেবুর রস লাগিয়ে নিন। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন। ২ মাসের মধ্যে আপনি পার্থক্য দেখতে পারবেন। সেনসিটিভ ত্বকের অধিকারীরা সরাসরি লেবু ব্যবহার না করে মধু ও গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

আরেকভাবে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। লেবুর রসের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এই পেস্টটি দিয়ে দাগের স্থানে ম্যাসাজ করুন। বিশেষ করে ত্বকের খয়েরী দাগের জায়গাগুলোতে ভাল করে ম্যাসাজ করে নিন। ৫-১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার করুন। আপনি চাইলে এতে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন।

প্রাকৃতিক উপায়ে মেছতার দাগ দূর করা সময় সাপেক্ষ হলেও কার্যকর। কেমিক্যাল মুক্ত হওয়ায় এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নির্ভাবনা ব্যবহার করতে পারেন এই ঘরোয়া উপায়গুলো।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...