মেসির বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো!
Posted by: News Desk
November 29, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্প থেকে নেইমারের বিদায় বার্সেলোনাকে বড় ধাক্কা দিয়েছিল। মাঠ থেকে ড্রেসিংরুম পর্যন্ত; সবখানেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব টের পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
সে কারণেই কিনা লিওনেল মেসির নতুন চুক্তিতে কোন ধরণের ঝুঁকি নেয়নি লা লিগা চ্যাম্পিয়নরা। কাগজে-কলমে ৭০০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে।
২২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজে স্পেন ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। দলের সেরা ফুটবলারের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মেসির ক্ষেত্রেও এমনটা হোক তা চায়নি বার্সা।
স্প্যানিশ সংবাদ মাধ্যম গোল ডটকমের দাবি, নেইমারের মতো কোন অভিজ্ঞতা চায় না বলেই ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে মেসির বাই আউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।
মেসিকে নিজেদের দলে ভেড়ানর জন্য পাখির চোখ করে ছিল যেসব ক্লাবগুলো, এই পরিমাণ অর্থ বাই আউট ক্লজ দিয়ে তাদের আশার গুড়ে যেন বালি দিল বার্সেলোনা। ক্লাবের পরিচালক গুইল্লিরমো আমরও স্বীকার করেছেন এই কথা।
তিনি জানিয়েছেন, নেইমারের কারণে যে ক্লাবে যে পরিস্থিতি হয়েছিল সেটা যেন মেসির সঙ্গেও না হয় সে কারণেই এই পরিমাণ অর্থ বাই আউট ক্লজ ধরা হয়েছে। তার ভাষায়, ‘নেইমারের ক্লাব ছাড়ার ঘটনায় শিক্ষা পেয়েছে ক্লাব।’
আমর বলেন, ‘আমরা নার্ভাস না এটা নিয়ে। মেসি সবসময়ই বার্সায় সুখী ছিল। আমরা তাকে ক্যারিয়ারের শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে দেখতে চাই। তার বাই আউট ক্লজের ব্যাপারটা আসলে নেইমারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ক্লাব। আমরা আমাদের সেরাদের ধরে রাখতেই এই কাজ করেছি।’
মেসির ইউরো ক্লজ বাই আউট ৭০০ মিলিয়ন 2017-11-29