Don't Miss
Home / আজকের সংবাদ / মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই

মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই

এমএনএ রিপোর্ট : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে আর কোনও বাধা থাকল না।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণ ও কাজ চালিয়ে যেতে আইনগত কোনো বাধা নেই।

এর আগে গত ১৩ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

গাজীপুরের জয়দেবপুর থানার এক মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৬ সালের ১৮ এপ্রিল মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ১০ এপ্রিল হাইকোর্টে রিট করেন মান্নান। শুনানি নিয়ে ১৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ সাময়িক বরখাস্তর করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ৬ মাসের জন্য আদেশ স্থগিত করেন। হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। ১৪ মে চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপক্ষের আবেদনটির শুনানি হয়।

উল্লেখ্য, যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে সর্বশেষ জামিন লাভ করে গত বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান।

এর পর গত বছর ১৫ এপ্রিল এমএ মান্নানকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। একই মাসে তাকে দ্বিতীয় দফায় বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে নব মিলিয়ে ২৯টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন লাভ করে এ বছরের ৬ জানুয়ারি তিনি কারা ফের মুক্ত হন।

মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...