Don't Miss
Home / আজকের সংবাদ / যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কঠোর জবাব দিল রাশিয়া

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কঠোর জবাব দিল রাশিয়া

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড়ের জবাবে মার্কিন কূটনীতিকের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়াসহ কয়েকটি কূটনৈতিক সম্পত্তির ব্যবহার নিষিদ্ধ করছে রাশিয়া।

রাশিয়া ১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এ সংখ্যা কমিয়ে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের কর্মচারীর সংখ্যার সমান করতে হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কুটনীতিকদের ব্যবহৃত ওয়্যারহাউজ এবং ডাচা কম্পাউন্ড জব্দ করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনীতিকদের বহিস্কারের সিদ্ধান্ত নিলে রাশিয়াও একইভাবে এর জবাব দেবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পর সিনেটও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাসের পরপরই রাশিয়ার এ পাল্টা জবাব এল।

গতকাল বৃহস্পতিবার বিলটি সিনেটে ৯৮-২ ভোটে পাস হয়। নিয়মানুযায়ী এখন এটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তার দপ্তরে যাবে। তিনি চাইলে বিলে ভেটো দিতে পারেন।

তবে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সিনেটরদের প্রায় সর্বসম্মতভাবে নেওয়া এ সিদ্ধান্তে ভেটো দেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে আসছেন, কিন্তু নতুন এই বিল সেই সম্ভাবনায় বাধ সাধবে বলে ধারণা করা হচ্ছে।

বিলের একটি ধারায় বলা হয়েছে, ট্রাম্প যদি রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা সহজ করতে চান, তাহলে কংগ্রেস তাতে বাধা দিতে পারবে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...