এমএনএ বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের যৌথ ঘোষণা দিলেন তারকা জুটি তাহসান ও মিথিলা। বেশ কিছু দিন ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হলো। এবার বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন দুজনই।
আজ বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
সুখী দম্পতি, সফল তারকা জুটি হিসেবে সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী মিথিলার সুনাম বেশ আগে থেকে। এই জুটিকে অনেকে আইডল হিসেবেও মানতেন তরুণ প্রজন্ম। তবে সেই খবরের সমাপ্তি ঘটলো। খুনসুটিতে ভক্ত মাতিয়ে রাখা এ সফল জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না। অবশেষে সাংসারিক বিচ্ছেদ ঘটালো তাদের।
ঘটনার সত্যটা নিজেরাই নিশ্চিত করলেন তাহসান ও মিথিলা। ইতোমধ্যে এর আনুষ্ঠানিকতা শুরুও হয়ে গেছে।
বিচ্ছেদের ঘোষণাটাও দিলেন যৌথভাবে।
তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জনপ্রিয় এ সঙ্গীত তারকা ও তার স্ত্রী মিথিলা যৌথভাবে বলেন, বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।
নিজেদের ভক্তদের বলেন, আমরা বুঝতে পেরেছি, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।
উল্লেখ্য, তাহসান ও মিথিলা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভাললাগা থেকে ভালবাসা, প্রেম, ২০০৬ সালে ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান।
তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।
বেবি কেয়ার ব্র্যান্ড মেরিল বেবির শুভেচ্ছাদূত হয়েছিলেন তারকা দম্পতি তাহসান ও মিথিলা। ২০০৭ সালে তাহসান-মিথিলার জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

