এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে অবশেষে নোটিশ আকারে জানানো হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে নোটিস আকারে পরীক্ষার সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার নোটিসও দিতে শুরু করেছে।
তিনি জানান, ঢাবির অধিভূক্ত সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর এসব কলেজের শিক্ষার্থীরা পরীক্ষাসহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়েন। এ সমস্যার সমাধানে সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এসব কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি
>> অধিভুক্ত কলেজগুলো নিয়ে নীতিমালা প্রণয়ন ও প্রকাশ।
>> সম্মান দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা/ব্যাবহারিক পরীক্ষা শিগগিরই শেষ করে দ্রুত ফল প্রকাশ।
>> সম্মান তৃতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া।
>> ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম শেষ করা।
>> ডিগ্রির আটকে থাকা সব বর্ষের পরীক্ষা দ্রুত শেষ করা।
>> অধিভুক্ত কলেজগুলোর তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরি।
>> শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে ও লাঠিপেটায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আটকও করা হয়েছে কয়েক জনকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

