Don't Miss
Home / আজকের সংবাদ / যৌন হয়রানির অভিযোগে রিপাবলিকান শীর্ষ নেতার পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগে রিপাবলিকান শীর্ষ নেতার পদত্যাগ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের শীর্ষ নেতা ক্যাসিনো মুঘল স্টিভ ওয়েন দলটির জাতীয় কমিটির অর্থায়ন বিষয়ক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
৭৬ বছর বয়সী এ ধনকুবের ব্যবসায়ী ম্যাসাজ থেরাপিস্টদের নিয়মিত উত্যক্ত এবং এক নারী কর্মচারীকে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেছিলেন, গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর ওয়েনের পদ ছাড়ার এ ঘোষণা এলো।
শীর্ষ এ রিপাবলিকান নেতা অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘ভ্রান্ত’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বলে খবর বিবিসির।
যৌন হয়রানির এসব ‘অপবাদের’ পেছনে ওয়েন তার সাবেক স্ত্রী এলাইনিকে দায় দিয়েছেন; যার সঙ্গে সাত বছরেরও বেশি সময় ধরে তার আইনী লড়াই চলছে।
গত শুক্রবার তার জনসংযোগ বিভাগ থেকে বিবিসিকে পাঠানো বিবৃতিতে ওয়েন বলেছেন, আমার সাবেক স্ত্রী এলাইনির সঙ্গে উৎকট ও কদর্য আইনী লড়াইয়ে জড়িয়ে আছি আমি । ধারাবাহিকভাবে সে-ই এসব অভিযোগে প্ররোচনা দিয়ে আসছে।
রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চেয়ারম্যান রোন ম্যাকডেনিয়েল মার্কিন গণমাধ্যমকে ওয়েনের পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, রিপাবলিকান এ ধনকুবেরের সঙ্গে কাজ করেছেন এমন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলে তারা তার যৌন হয়রানির খোঁজ পেয়েছেন।
তাদের প্রতিবেদনে কোটিপতি এ ব্যবসায়ী প্রায়ই তার ব্যক্তিগত অফিসকক্ষে ম্যাসাজ থেরাপিস্টদের হয়রানি করতেন বলে অভিযোগ এসেছে।
গ্যাম্বলিং ইন্ড্রাস্ট্রির অন্যতম শীর্ষ ব্যবসায়ী ওয়েন এক মেনিকিউরিস্টকে জোর করে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করার পর ওই ঘটনা ধামাচাপা দিতে ৭৫ লাখ ডলারে সমঝোতা করেছিলেন বলেও আদালতের নথির বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ডেমোক্রেট ন্যাশনাল কমিটি পদস্থ এ রিপাবলিকানকে নিয়ে তার দলের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছে ।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...