Don't Miss
Home / আজকের সংবাদ / রংপুরের পরিস্থিতি ইসির অনুকূলে : সিইসি

রংপুরের পরিস্থিতি ইসির অনুকূলে : সিইসি

এমএনএ রিপোর্ট : রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন— পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। কমিশনের প্রত্যাশা রংপুরে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।’
রংপুর সিটি করপোরেশনে ভোটের আগের দিন আজ বুধবার রাজধানীতে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। তবে একটি ভোটকেন্দ্রে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
সিইসি বলেন, এখন পর্যন্ত ইসির যে পর্যবেক্ষণ, তাতে পরিস্থিতি সম্পূর্ণ ইসির অনুকূলে রয়েছে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।
তিনি বলেন, রংপুরে তিনটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা ছিল। সম্পূর্ণভাবে ‘সিকিউরড’ হলেই এই যন্ত্র ব্যবহার করা হবে।
ইভিএম ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা কারিগরি বিষয়। কারিগরি দল পরীক্ষা-নিরীক্ষা করছে। শতভাগ নিশ্চিত না হয়ে তা ব্যবহার করা হবে না। নতুন ইভিএম ব্যবহারের বিষয়ে বৃহস্পতিবার সকালে নিশ্চিত হওয়া যাবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, রংপুর সিটি করপোরেশনে একটি ‘মডেল’ নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে পরবর্তী সিটি করপোরেশন নির্বাচনগুলোও একইভাবে করা যায়।
তিনি জানান, এ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, ইসির মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন।
একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্পর্কে সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, একটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ওই কেন্দ্রে ভোটারদের এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ (মহড়া) দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) ওই কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আগের পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে নির্বাচনে দলীয় প্রতীকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...