Don't Miss
Home / সারাদেশ / রংপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যাননি আ‘লীগের ঝন্টু

রংপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যাননি আ‘লীগের ঝন্টু

এমএনএ জেলা প্রতিনিধি : রংপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যাননি আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
আজ সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সকল প্রার্থীই কালো টাকা, সন্ত্রাস ও প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থীকে জনতার মুখোমুখি করার আয়োজন করা হয়। সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরি মাঠে এ অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ছাড়া বাকি ৫ মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।
তারা হলেন, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির কাওসার জামান বাবলা, বাসদের আবদুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা ও এনপিপির সেলিম আক্তার।
ভোটাররা এই ৫ মেয়র প্রার্থীর কাছে প্রশ্ন করেন নির্বাচিত হলে তারা সিটি করপোরেশন উন্নয়নসহ কি কি পদক্ষেপ নিবেন। পাঁচ মিনিট বক্তব্যে এসব প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। ।
বিএনপির কাওসার জামান বাবলা তার বক্তব্যে বলেন, ‘আমি নির্বাচিত হলে দুনীতিমুক্ত পরিচ্ছন্ন সিটি করপোরেশন উপহার দেব।’
তিনি বলেন, ‘আমি দুর্নীতি করব না কাউতে দুনীতি করতে দিব না। মাদকমুক্ত এবং রাস্তাঘাটের উন্নয়ন অগ্রাধিকার পাবে। এরপর বেকার সমস্যার সমাধান করব। শিক্ষার উন্নয়নে যা যা করা দরকার আমি তাই করব।’
ধানের শীষের এ প্রার্থী আরো বলেন, ‘আমি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকিত রয়েছি। কারণ বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই আমি আবারও সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাই।’
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা তার বক্তব্যে বলেন, ‘আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এছাড়া শ্যামা সুন্দরী খালটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে যানজট নিরসন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে পুরাতন সদর হাসপাতালটি চালু করবো।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমি চাই তারা সে কাজটি করবেন।’
বাসদের আবদুল কুদ্দুস নির্বাচনে কালো টাকা ও প্রভাবমুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। দলীয় ও সন্ত্রাসমুক্ত সিটি করপোরেশন গড়ে তুলব। মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা বলেন, ‘সিটি নির্বাচনে টাকা দিয়ে যাতে ভোট কিনতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি থাকতে হবে। যানজট নিরসন ও বেকার সমস্যা সমাধানে আমার ব্যাপক কর্মসূচি থাকবে।’
এনপিপির সেলিম আক্তার বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করব সিটিবাসির জন্য। রাস্তা ঘাট সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করব।’
এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনার বেঞ্জু। বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জেলা সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক আফতাব হোসেন প্রমুখ। পরে শপথ বাক্য পাঠ করানো হয়।
এ ব্যাপারে আওামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে তার পিএস মিঠু জানান, নৌকা মার্কার প্রার্থী সকালে গ্র্যান্ড হোটেল মোড় সালেক পাম্প এলাকায় গণসংযোগ করেছেন।
তিনি বলেন, ‘কেন মেয়র প্রার্থী সুজনের অনুষ্ঠানে গেলেন না তা আমি বলতে পারছি না।’
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...