এমএনএ রিপোর্ট : আগামী রবিবার উত্তরাঞ্চলের বন্যাদুর্গত এলাকা দিনাজপুর ও কুড়িগ্রাম জেলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি দেখতে এ সফরে প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ও দিনাজপুরে যাবেন।
সূত্র জানায়, শেখ হাসিনার সফর উপলক্ষে গতকাল বুধবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগে আগামীকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুড়িগ্রাম সফর করবেন। এ সময় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক পরিদর্শন করবেন তিনি।
এর আগে ২০১৬ সালে ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

