Don't Miss
Home / আইন আদালত / রাজউক চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

রাজউক চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

এমএনএ রিপোর্ট : বিজিএমইএ এর অবৈধ ভবন ভাঙ্গার কাজ শুরু না করায় রাজউক চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে এই বহুতল ভবনটি ভাঙার কাজ শুরু করতে বলা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার রাজউক চেয়ারম্যান বরাবর এই নোটিশ দেন আইনজীবী মনজিল মোর্শেদ।

আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির আপিল খারিজ করে দেওয়া রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে বিজিএমইএ কর্তৃপক্ষ তাদের ভবন ভেঙে ফেলবে। তা না হলে ভবন ভেঙে ফেলার পদক্ষেপ নিতে রাজউককে নির্দেশ দেওয়া হয়। রায় পাওয়ার ৯০ দিনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। কিন্তু বিজিএমইএ যেহেতু ভবনটি ভাঙ্গেনি সেহেতু রাজউককেরই এ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করা উচিত ছিল। কিন্তু ভবন ভেঙে ফেলার ব্যাপারে রাজউক চেয়ারম্যান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এটি আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা ও রায় অমান্য করার শামিল। এটি আদালত অবমাননার পর্যায় পড়ে।

এ পরিস্থিতিতে সাত দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে পদক্ষেপ গ্রহণ করে এই আইনজীবীকে অবহিত করতে রাজউক চেয়ারম্যানকে বলা হয়েছে। তা না হলে রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএর ১৬ তলা ভবন অবিলম্বে ভাঙতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনা চেয়ে বিজিএমইএর করা আবেদন ৫ মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ। সেদিন বিজিএমইএ কার্যালয় অন্যত্র স্থানান্তরে কদিন সময় লাগবে, তা জানিয়ে ৯ মার্চের (আজ) মধ্যে বিজিএমইএর আইনজীবীকে আবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় কার্যালয় সরাতে তিন বছর সময় চেয়ে আবেদন করেছে বিজিএমইএ। এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

x

Check Also

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়া-২ আসনে বাদশা, শেরপুর-৩’র রুবেল

সংসদ প্রতিবেদক বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) ...