রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, নিহত ২
Posted by: News Desk
March 31, 2019
এমএনএ রিপোর্ট : রাজধানী ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। সেই সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এই হঠাৎ কালবৈশাখী রাজধানীতে ঝড়ে ভবন থেকে ইট পড়ে এক চা দোকানি এবং গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
এর মধ্যে সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ওই নারীর নাম মিলি ডি কস্তা (৬০)। তিনি পাশের মনিপুরি পাড়ায় থাকতেন। ধারণা করা হচ্ছে তিনি সান্ধ্যকালীন হাঁটাহাটি করছিলেন বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম।
অন্যদিকে পল্টন থানার ওসি মাহমুদুল হক জানিয়েছেন, ঝড়ের সময় পুরানা পল্টন মোড়ে চায়ের গলিতে উঁচু ভবন থেকে ইট পড়ে মো. হানিফ (৪৫) নামে এক চা দোকানি নিহত হয়েছেন।
হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাকরাইল এলাকায় একটি গাছের ঢাল ভেঙে অটোরিকশা ও প্রাইভেট কারের উপর পড়ে, এতে অটোরিকশা চালক সামান্য আহত হন বলে পুলিশ জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ঝড়ে অন্তত ২৫টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটেছে। ঝড়ে শাহবাগ থানার সাইনবোর্ড উড়ে গেছে। মিন্টো রোডে পুলিশ ভবনের সামনে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। এছাড়া ধানমন্ডি তিন নম্বর সড়কেও গাছের ডাল ভেঙে সড়কে পড়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ আজ রবিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাতে আজই এ বছর প্রথমবারের মতো কালবৈশাখী ঝড় হচ্ছে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঝড় শেষ হলে প্রকৃতপক্ষে কালবৈশাখী ঝড়ের গতিবেগ নির্ণয় করা যাবে।
দিনভর প্রচণ্ড গরম থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাকভেজা হন।
দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝাড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রাজধানীতে হঠাৎ ঝড় কালবৈশাখী 2019-03-31