বিশেষ প্রতিবেদন
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে প্রাথমিকভাবে অবৈধ দখলদারদের সতর্ক করা হলেও পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মিরপুরের শেওড়াপাড়া এলাকায় বেলা ১১টার দিকে অভিযান শুরু হলে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা ফুটপাতের ব্যবসায়ীরা আগাম খবর পেয়ে দ্রুত তাদের মালপত্র সরিয়ে নেন। পরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের ভবিষ্যতে ফুটপাতে না বসার জন্য সতর্ক করেন। তিনি জানান, গণবিজ্ঞপ্তির পর কিছুটা ফুটপাত দখলমুক্ত হয়েছে, তবে পুরোপুরি মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, অভিযান শুরু হতেই ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীরা নিজেদের অবস্থান গুটিয়ে নিতে শুরু করেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, একই সময়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মগবাজার থেকে বাংলামোটর, ফুলবাড়িয়া, বকশিবাজার থেকে চানখাঁরপুর, নাইটিঙ্গেল মোড় থেকে আরামবাগ, ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী, গ্রিন রোড, কারওয়ান বাজার, বসুন্ধরা, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলা, উত্তরার বিএনসিসি সেন্টার থেকে হাউজিং বিল্ডিং এলাকা এবং গুলশানের কাকলী আউটগোয়িং পয়েন্ট।
ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল ফার্মগেটের ইন্দিরা রোডে অভিযান শেষে বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে প্রথমে ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে কেউ যদি আবার ফুটপাত দখল করে বসে, তাহলে জরিমানা, মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অনেকেই দোকানের সীমা ছাড়িয়ে অতিরিক্ত জায়গা দখল করেছেন, সেসব অংশ উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় অভিযান পরিদর্শন করে জানান, একদিকে ফুটপাত পরিষ্কার করা হলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায়। তাই নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে। তিনি স্বীকার করেন, জনবল সীমিত হওয়ায় সবসময় অভিযান চালানো সম্ভব নয়, এজন্য জনসচেতনতা ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্যবসা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও তা যেন সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করে। এদিনের অভিযানে বেশ কিছু অবৈধ পণ্য জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযান ৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ ও ভোগান্তিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এর আগে ডিএমপি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ উচ্ছেদ কার্যক্রমের ঘোষণা দিয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
