Don't Miss
Home / আজকের সংবাদ / রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভ জন্মদিন আজ

রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভ জন্মদিন আজ

এমএনএ রিপোর্ট : আজ সোমবার ৭৫ বছরে পা রাখছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিশোরগঞ্জের হাওর থেকে রাজনীতির বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি হয়েছেন দেশের ২০তম রাষ্ট্রপতি।
অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত আবদুল হামিদের জন্মদিনও পালন করা হবে ঘরোয়া পরিবেশে। জন্মদিনের প্রাক্কালে সমকালকে রাষ্ট্রপতি বলেছেন, দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ।
বঙ্গভবনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে আজ ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুর গ্রামসহ হাওরের অন্যান্য উপজেলাতেও রাষ্ট্রপতির জন্মদিন উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
কিশোরগঞ্জ থেকে সাতবার এমপি নির্বাচিত হন আবদুল হামিদ। তাই কিশোরগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই তার। জন্মদিনের প্রাক্কালে সে কথা আবারও জানালেন তিনি।
গণমাধ্যমকে রাষ্ট্রপতি বলেন, ‘কিশোরগঞ্জবাসী আমাকে নেতা বানিয়েছে। তাদের কারণেই আজ আমি দেশের রাষ্ট্রপতি। জেলাবাসীসহ সমগ্র দেশবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।’
কিশোরগঞ্জ শহরে রাষ্ট্রপতির আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা জন্মদিন পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও উদযাপিত হবে জন্মদিন। আবদুল হামিদের

জন্ম ১৯৪৪ সালের ১ জানুয়ারি। মাধ্যমিক স্কুলে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে পা রাখেন তিনি। হয়ে ওঠেন তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার জনপ্রিয় ছাত্রনেতা। নেতৃত্বগুণ তাকে বঙ্গবন্ধুর সান্নিধ্যে নিয়ে আসে।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৬ বছর বয়সে জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনয়নে। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এমএনএ। তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন অস্ত্র হাতে। কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে মুজিব বাহিনীর সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর হাওরের সবচেয়ে প্রিয় নেতায় পরিণত হন আবদুল হামিদ। ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাতবার এমপি নির্বাচিত হন। ১৯৮৮ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন বর্জন করেছিলেন।
বাগ্মিতা আর রসবোধের জন্য খ্যাতি পাওয়া আবদুল হামিদ বিরোধী দলীয় উপনেতা, ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আবদুল হামিদের রাজনৈতিক ও পেশাগত বন্ধু অ্যাডভোকেট জামাল উদ্দিন খান বলেন, ‘হামিদের মতো সর্বজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ আর হয় না।’
ছড়াকার, সাবেক ছাত্রনেতা ও মুক্তিযুদ্ধ গবেষক জাহাঙ্গীর আলম জাহান বলেছেন, দলীয় বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেও আবদুল হামিদের বিরুদ্ধে কেউ পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারবেন না।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...