Don't Miss
Home / আজকের সংবাদ / রুশ বিমান হামলায় আইএস প্রধান বাগদাদি নিহত?

রুশ বিমান হামলায় আইএস প্রধান বাগদাদি নিহত?

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : গত মে মাসে সিরিয়ার রাকায় রাশিয়ার চালানো কোন এক বিমান হামলায় ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে কিনা তা যাচাই করে দেখছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ২৮ শে মে রাকায় ইসলামিক স্টেটের এক কথিত গোপন সভাস্থল লক্ষ্য করে রুশ বিমান থেকে এই হামলা চালানো হয়। খবর বিবিসির

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই হামলায় আইএসের ৩৩০ জনের মতো যোদ্ধা নিহত হয়। এদের মধ্যে হয়তো আবু বকর আল বাগদাদিও ছিলেন। ইসলামিক স্টেট রাকা-কে তাদের রাজধানী বলে গণ্য করে।

উল্লেখ্য আল বাগদাদির মৃত্যু নিয়ে এরকম জল্পনা এটাই প্রথম নয়। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে রাশিয়ার দিক থেকে এরকম দাবি এটাই প্রথম। এর আগে গণমাধ্যমে বেশ কয়েকবার এরকম খবর বেরিয়েছিল যে মার্কিন নেতৃত্বাধীন হামলায় বিমান হামলা বাগদাদি নিহত হয়।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসলামিক স্টেটের তিনশ’র বেশি লোক এবং তিরিশ জনের মতো অধিনায়ক ওই সভায় ছিল।

মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর মুখপাত্র কর্নেল জন ডরিয়ান বলেন, বাগদাদি নিহত হয়েছেন কিনা সেটা তারা নিশ্চিত করতে পারছেন না।

সিরিয়ার সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আবু বকর আল বাগদাদির সম্পর্কে সাম্প্রতিক সময়ে সেরকম কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তবে গত বছরের অক্টোবরে যখন ইরাকের মসুল শহরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান শুরু হয় তখন আল বাগদাদি সেখানে ছিল বলে মনে করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছিল, আল বাগদাদি এখন মসুল বা রাকার পরিবর্তে মরুভূমির হাজার হাজার বর্গমাইল এলাকার মধ্যে লুকিয়ে আছে।

ইসলামিক স্টেট তাদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর এ পর্যন্ত আল বাগদাদিকে একবারই প্রকাশ্যে দেখা গেছে। ২০১৪ সালের জুনে মসুল শহরের এক মসজিদে তাকে খুৎবা দিতে দেখা যায়। সে সময় বাগদাদির একটি ভিডিও প্রকাশ করা হয়।

তবে গত কয়েক বছরে ইসলামিক স্টেট তাদের কথিত খেলাফতের একটা বিরাট অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের দ্বিমুখী আক্রমণের মুখে তারা এখন বেশি চাপের মধ্যে আছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন আল বাগদাদির বেশিরভাগ সহযোগীই নিহত হয়েছে। তিনি বলেছিলেন, বাগদাদির একই পরিণতি এখন সময়ের ব্যাপার মাত্র।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...