এমএনএ স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করায় র্যাঙ্কিংয়ে উন্নতির আশা ছিল বাংলাদেশের। কিন্তু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় র্যাঙ্কিংয়ে নবম স্থানেই থাকল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। সেই সিরিজের পর ৫ রেটিং পয়েন্ট বেড়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছিল। দু’দলের মধ্যে রেটিং পয়েন্ট ব্যবধান ছিল মাত্র এক। এরপর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে বাংলাদেশ অষ্টম স্থানে ওঠে আসার আশা করছিল। কিন্তু সেটি হয়নি।
আজ রবিবার লর্ডসে ইংল্যান্ডের কাছে শেষ টেস্টে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচ টেস্ট সিরিজ ইংলিশরা ২-১ ব্যবধানে জিতে নেয়। তবে এই সিরিজ শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪ এবং ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৫। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্টের টিম র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই। সবার রেটিং পয়েন্টই আগের মতো রয়ে গেছে।
১২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০। ইংল্যান্ডের পয়েন্ট ১০৫, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ৯৭ করে। পাকিস্তানের পয়েন্ট ৯৩, শ্রীলঙ্কার ৯০।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

