লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাছির আহমেদ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছির আহমেদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি গত বছরের আগস্টে ট্রাফিক কনস্টেবল পদ থেকে অবসরে যান এবং গত সাত বছর ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
আহতরা হলেন—নাছিরের ছেলে ইমরান আহমেদ (লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), প্রতিবেশী মিজানুর রহমান স্বপন এবং একই বাড়ির অপর ভাড়াটিয়া নাসির। তাদের মধ্যে ইমরান ও স্বপনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছিরের স্ত্রী বড় ছেলেকে নিয়ে বাইরে থাকায় বাসায় তিনি ও ছোট ছেলে ইমরান ছিলেন। সোমবার সকালে হঠাৎ নাছির ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছেলেকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ইমরান ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তিনি তার পিছু নেন।
এ সময় প্রতিবেশী স্বপন এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে আরেক ভাড়াটিয়া নাসির আহতদের রক্ষায় এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। ঘটনার একপর্যায়ে নাছির ভবনের তৃতীয় তলায় উঠে সেখান থেকে নিচে লাফ দেন।
গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর নাছির আহমেদের মৃত্যু হয়। আহত ইমরান ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত নাসির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়, এর মধ্যে নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

