Don't Miss
Home / আজকের সংবাদ / লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণ, আহত ২২

লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণ, আহত ২২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে পাতাল রেলে ছোট আকারের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে মানুষ যখন কাজে যাচ্ছিল, তখন ‘ডিসট্রিক্ট লাইন’ ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাণ্ড’ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে লন্ডনের দক্ষিণ-পশ্চিম অংশের ফুলহাম এলাকায় ‘পারসনস গ্রিন’ স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেশনটিতে থামার পর ডিসট্রিক্ট লাইনের একটি বগিতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কাজে ছোটা মানুষে ভর্তি ছিল ট্রেনটি। পুলিশ জানায়, ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য, চিকিৎসক দল এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

আজ শুক্রবার সকালে রেল স্টেশনের জনাকীর্ণ টিউব রেলের একটি কামরায় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। সোশাল মিডিয়ায় আসা ছবির বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থলে সাদা রঙের একটি বাস্কেট জ্বলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, একটি ব্যাগের ভেতরে থাকা সাদা একটি বালতিতে আগুন জ্বলছে। তবে আশপাশে তেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে বোঝা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, ব্যাগের ভেতরে থাকা এই বালতিতেই বিস্ফোরণ ঘটেছে। ডেইলি মেইলের সংবাদে এটিকে ঘরোয়াভাবে তৈরি বোমা হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, বালতিতে ঠিক কী ছিল এবং কেন আগুন ধরেছে, তা এখনই তাঁরা বলতে পারছেন না।

বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। এতে পদদলিত হয়েই বেশির ভাগ লোক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁরা অন্তত একজনের মুখমণ্ডল আগুনে পুড়ে গেছে বলে দেখেছেন।

স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পারসনস গ্রিন স্টেশনের আরও তিন স্টপ আগে ‘আর্লসকোর্ট’ স্টেশন থেকে পশ্চিমমুখী ট্রেন বন্ধ রাখা হয়েছে। পুলিশি নিরাপত্তাবেষ্টনী টেনে আটকে দেওয়া হয়েছে পারসনস স্টেশনের সব প্রবেশপথ। স্টেশনের আশপাশে একধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করলেও স্বাভাবিক আছে জীবনযাত্রা। পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সন্ত্রাস-বিরোধী পুলিশের উর্ধ্বতন জাতীয় সমন্বয়ক কমিশনার নীল বসু ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সন্ত্রাসী’ হামলা বলে ঘোষণা করেন।

আর এখন যুক্তরাজ্যের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা মার্ক রাউলি সাংবাদিকদের জানিয়েছেন, ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই তারা জেনেছেন। আহতদের বেশিরভাগেরই মাংস পুড়ে গেছে।

বিস্ফোরক ডিভাইসটিতে একটি টাইমারও ছিল বলে সিএনএন কে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। আরও বেশি ক্ষয়ক্ষতি ঘটানোই যে হামলার উদ্দেশ্য ছিল এটি তার লক্ষণ। বিস্ফোরক ডিভাইসটির ফরেনসিক পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ডিভাইস থেকেই আগুনের সূত্রপাত বলে পুলিশের ধারণা।

যাত্রীদের অনেকের মুখমন্ডল পুড়ে গেছে এবং অন্যান্যরা পরে পদচাপায় আহত হয়েছে। ‘দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস’ জানিয়েছে, আহত ২২ জনকে লন্ডনের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস।

বিবিসি লন্ডনের প্রেজেন্টার রিজ লতিফ কাজে যাওয়ার পথে ওই স্টেশনেই ছিলেন ঘটনার সময়। তিনি জানান, ট্রেন থামা মাত্র বিস্ফোরণের মত একটা শব্দ হয় এবং তারপর যাত্রীরা আতঙ্কে হুড়মুড় করে ট্রেন থেকে নামতে শুরু শুরু করে। দ্রুত সরে যাওয়ার চেষ্টায় ধাক্কাধাক্কিতে অনেকে আঘাত পান।

বিবিসি’র নিউজ প্রেজেন্টার সোফি রাওয়র্থ জানান, তিনি এক নারীকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখেছেন, যার পা ও মুখে পোড়া ক্ষত ছিল।

ওদিকে আরেক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বিস্ফোরণের মত শব্দের পর ট্রেনের একটি বগিতে আগুন দেখা গেলে হুড়োহুড়ি শুরু হয়। মানুষ যে যেভাবে পারে নেমে যাওয়ার চেষ্টা করে। ফলে ভিড়ের চাপে চ্যাপ্টা হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের নাতাশা উইলস বলেন, পারসনস গ্রিন স্টেশনে তাদের চিকিৎসাকর্মীরা কাজ করে যাচ্ছে। আহতরা কে কতটা আঘাত পেয়েছেন তা বোঝার চেষ্টা চলছে।

হামলা কে চালিয়েছে কর্তৃপক্ষ তা জানে কিনা বা হামলাকারী ট্রেনেই ছিল কিনা এবং কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সে সম্পর্কে কোনওকিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন সন্ত্রাস-বিরোধী কর্মকর্তা মার্ক রাউলি। তদন্ত এখনও চলছে বলে জানান তিনি।

ট্রেনে বিস্ফোরক ডিভাইস পেতে রেখে হামলা চালানো ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তদন্তে নেমেছেন কয়েকশ’ গোয়েন্দা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। লন্ডনজুড়ে পুলিশ উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাদিক খান।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক টুইটে লন্ডনে এ হামলার নিন্দা জানিয়েছেন।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...