এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রোবোটিক্স ভিত্তিক সংগঠন ‘রোবোসাস্ট’ এর একটি টিম নকশা প্রণয়ন করেছে অভিনব ইলেকট্রনিক ডিভাইস ‘আই-ব্রেইল’র। যা দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী এবং দৃষ্টি ও বাক-প্রতিবন্ধী মানুষরা সহজে উন্নত শিক্ষা অর্জন ও চাকরি করার সুযোগ পাবে। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি এ নতুন ডিভাইসটির উদ্বোধন করা হবে।
সম্প্রতি International Conference on 4th Industrial Revolution and beyond (IC4IR) 2021 শীর্ষক সম্মেলনে শাবিপ্রবির RoboSUST এর একটি টিম ‘Education’ ক্যাটাগরিতে অভিনব প্রযুক্তির ইলেক্ট্রনিক ব্রেইল ডিভাইস ( iBraille ) এর নকশা নিয়ে অংশগ্রহণ করে এবং এক হাজারের অধিক প্রতিযোগীর মধ্যে সেরা দশে নির্বাচিত হয়ে ১০,০০,০০০/- টাকার পুরস্কারে ভূষিত হয়।
রোবোসাস্টের এ অভিনব উদ্ভাবন সম্পর্কে মোয়াজ মোহাম্মদ আব্দুল করীম বলেন, আই-ব্রেইল এমন একটি ডিভাইস যা হাতে লেখা বা ডিজিটাল লেখাকে ব্রেইলে রূপান্তর করতে পারে, ব্যবহারের সুবিধার জন্য স্মার্ট ডিভাইস এর সাথে সংযুক্ত হতে পারে এবং যা বাজারে প্রাপ্ত অন্যান্য ডিভাইসগুলোর চেয়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের। এতে ব্রেইল সেল সংযুক্ত করে কম্পিউটারের মাউস সদৃশ একটি ডিভাইসের নকশা তৈরি করা হয়েছে যার মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষও সাধারণ মানুষের মতো মাউস ব্যবহার করে এর সাথে সংযুক্ত ব্রেইল ডিস্প্লেটির সাহায্যে যেকোনো লিখিত ডকুমেন্ট স্ক্যান করে বা ডিজিটাল ডিস্প্লে এর সাথে সংযোগ করে এর লেখা পড়তে পারবে।
তিনি আরো বলেন, বর্তমানে বাজারে প্রাপ্ত ব্রেইল ডিসপ্লেগুলো উচ্চমূল্যের যা বাংলাদেশের মানুষের জন্য কেনা খুবই কষ্টসাধ্য। তাই এ অভিনব ইলেকট্রনিক ডিভাইস ‘আই-ব্রেইল’ উদ্ভাবনের মাধ্যমে আমরা মানুষের কাছে স্বল্পমূল্যে এ ডিভাইসটি পৌছাতে চাই যার সর্বোচ্চ মূল্য ৯ হাজার টাকার মধ্যে থাকবে।
রোবোসাস্টের এ অভিনব ডিভাইসের নকশা প্রণয়নে আরো কাজ করছেন- ইরফান নাফিজ শাহান, আল-মুবিন খান নাবিল, তাসনুভা চৌধুরী, অর্নব পল ও প্রমিত দে।
এ ধরনের উদ্ভাবনী কাজে সাফল্য অর্জন করতে পারায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, রোবোসাস্টের এ ছয় শিক্ষার্থীর সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাদের এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে অনুপ্রেরণা যোগাবে। তাছাড়া এ ডিভাইস তৈরির ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা অনেক উপকৃত হবেন। এমন উদ্ভাবনী কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

