Don't Miss
Home / আজকের সংবাদ / শামিকে বিয়ের আগে বাবুকে বিয়ে করেছিলেন হাসিন

শামিকে বিয়ের আগে বাবুকে বিয়ে করেছিলেন হাসিন

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে ভালোবেসে বিয়ের আগে ব্যবসায়ী শেখ সাইফুদ্দিন বাবুর সঙ্গে ঘর বেঁধেছিলেন কলকাতার মেয়ে হাসিন জাহান। ওই ঘরে দুটি মেয়েও আছে তাদের। দীর্ঘ ১০ বছরের সেই সংসার ভেঙে ২০১৪ সালে শামির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন হাসিন।
কিন্তু এরপরও সাবেক স্ত্রীর বিপদে কষ্ট পাচ্ছেন ভারতের বীরভূমের সিউড়ি শহরের ব্যবসায়ী শেখ সাইফুদ্দিন ওরফে বাবু। খবর আনন্দবাজারের।
হাসিনের পক্ষ নিয়ে তিনি বলেন, হাসিন যেসব অভিযোগ তুলেছে, সেগুলো যদি সত্যি হয়, তা হলে অবশ্যই শামির শাস্তি হওয়া উচিত।
সাইফুদ্দিন জানান, একই পাড়ার মেয়ে হাসিনের সঙ্গে তার পরিচয় ২০০০ সালে। এরপর ২০০২ সালে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন তারা। পরের বছরই তাদের বড় মেয়ের জন্ম। তার তিন বছরের মাথায় ছোট মেয়ের জন্মের পরই সাইফুদ্দিনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় হাসিনের।
মনোমালিন্যের কারণ হিসেবে তিনি বলেন, হাসিন আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু বাড়ির বৌ বাইরে গিয়ে পড়াশোনা-চাকরি করবে, এটাতে আমার পরিবারের অমত ছিল।
সাইফুদ্দিন জানান, সেই অশান্তি থেকেই ২০১০ সালে বিচ্ছেদ হয় তাদের। আদালতের নির্দেশে মেয়েরা চলে যায় মায়ের কাছে। এরপর কলকাতায় এসে মডেলিং শুরু করেন হাসিন। ২০১২ সালে সুযোগ পান আইপিএলের ‘চিয়ারলিডার’ হওয়ার। তখনই শামির সঙ্গে পরিচয় হয় হাসিনের। তখন হাসিনের নতুন সম্পর্কের কথা জেনে মেয়েদের নিজের কাছে রাখতে চান সাইফুদ্দিন।
সাইফুদ্দিনের কথায়, সেই প্রস্তাবে হাসিন রাজি হয়েছিল। এর জন্য ওর প্রতি কৃতজ্ঞ আমি। আমার বড় মেয়ে এবার দশম শ্রেণিতে উঠেছে। ছোট মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
বর্তমানে সিউড়িতে মনোহারি দোকান চালান সাইফুদ্দিন। হাসিনের সঙ্গে বিচ্ছেদের বছর দুয়েক পরে আবার বিয়ে করেছেন তিনি। দ্বিতীয় সংসারে এক ছেলে রয়েছে তার।
তবে মেয়েদের কারণে হাসিনের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি সাইফুদ্দিনের।গত জানুয়ারিতে হাসিনের অনুরোধে ছোট মেয়েকে তার কাছে পাঠান সাইফুদ্দিন। মেয়েটি এখনও হাসিনের সঙ্গেই আছে।
হাসিনের জন্য সহানুভূতি প্রকাশ করে সাইফুদ্দিন বলেন, অনেক লড়াই করে এতটা পথ পেরিয়েছে হাসিন। ভাবতে খারাপ লাগছে, আবার একটা কঠিন লড়াই ওর সামনে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...