শিরোপা জয়ের টার্গেটে মাঠে নামবে বাংলাদেশ
Posted by: News Desk
March 18, 2018
এমএনএ স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে শিরোপা জয়ের টার্গেটে আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা লড়াই। এ উপলক্ষে বাংলাদেশের সমর্থকরা দেশ ও বিদেশ থেকে টাইগারদের বিজয় কামনা করছেন।
এ লড়াইয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে ‘দর্শক’ বানিয়ে লড়বে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুমুল উত্তেজনার খেলায় লঙ্কানদের হারিয়ে ফাইনালে ওঠা লাল-সবুজের পতাকাধারীরা দারুণ উজ্জীবিত। সমর্থকরাও আশা করছেন, বিদেশের মাটি থেকে প্রথম কোনো শিরোপা জিতে আনার স্বপ্নপূরণের।
পেছন ফিরলে যদিও কেবল হতাশার অধ্যায়; দেশের মাটিতে ২০০৯ সালে ত্রিজাতি সিরিজের ফাইনাল, বছর তিনেক পর ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল এবং সবশেষ গত জানুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পরাজয়। তবু শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের আগের খেলায় ভারতের বিপক্ষে দারুণ লড়াই এবং গত শুক্রবারের (১৬ মার্চ) ‘সেমিফাইনালে’ একেবারে পথ হারিয়েও শেষ পর্যন্ত জয় দারুণ আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। অপরদিকে ভীতি যোগাচ্ছে প্রতিপক্ষ শিবিরে।
টি ২০ তে দু’দলের আগের সাত ম্যাচে ভারতকে হারাতে না পারার হতাশার পর নতুন সংবাদের আশায় রয়েছেন টাইগার ভক্তরা। টেস্ট মর্যাদা পাওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনও কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে না পারার ধারায় ছেদ টানার চ্যালেঞ্জও রয়েছে।
বাংলাদেশের তুলনায় ভারতের অবশ্য চাপ কম। কারণ তারা টি-২০তে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে রয়েছে। ফলে ভারতীয় সমর্থকরা সহজ জয়ই প্রত্যাশা করছেন।
এদিকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দুই টাইগার সমর্থক শোয়েব আলী ও বুলু ঘোষ।
গত শুক্রবার রাতে লংকান দর্শকদের কাছে হেনস্তা ও মারধোরের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে এই আবেদন করেছেন তারা।
শ্রীলংকার ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন ছিল তারাই ভারতের সঙ্গে আজকের ফাইনাল খেলবে। কিন্তু শুক্রবারের ম্যাচে মাহমুদুল্লাহর ব্যাটে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এরপরই বদলে গেছে শ্রীলংকান ক্রিকেটার ও সমর্থকদের আচরণ।
আগে টিম হোটেলের সামনে বাংলাদেশি মিডিয়া দেখলেও কিছু বলা হয়নি। শনিবার সেখানেই ছিল উল্টোচিত্র- বাংলাদেশি মিডিয়াকে হটাতে পুলিশ ডাকার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
ক্রিকেটার-সমর্থকদের পাশাপাশি লংকান বোর্ডও রাতারাতি যেন বদলে গেছে। সেদিন রাতেই ম্যাচ রেফারির কাছে প্রেমাদাসা স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। যেখানে তারা ড্রেসিংরুমের কাচ ভাঙার জন্য দায়ীদের শাস্তির দাবি তুলেছে।
এরপর থেকেই লংকানদের মনে তৈরি হওয়া বিদ্বেষটা কীভাবে মোকাবেলা করা যায়- এ প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ‘আসলে ওরা এবার আমাদের এই ত্রিদেশীয় টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছিল ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচটা খেলার আশা থেকে। ওরা ভাবতেও পারেনি যে, এভাবে ওদেরই হারিয়ে দেব আমরা। ব্যাপারটি ঠিক মেনে নিতে পারছে না ওদের কেউ। আমরা একই হোটেলে ছিলাম, এতদিন দেখা হলে হাই-হ্যালো করত। কিন্তু হারের পর ওরা আর কথাই বলছে না।’ জাতীয় দলের যে ক্রিকেটার কথাগুলো বলেছেন তার অনুরোধে নামটি লেখা হলো না।
আজকের ফাইনালের জন্য অনেক আগে থেকেই তারা টিকিট বিক্রি শুরু করেছিল। বিক্রিও হয়ে গেছে অনেক। শনিবার কলম্বোর জনপ্রিয় দৈনিকেও ছিল হতাশা আর কষ্টের সুর। সিলন টুডের শিরোনাম- মাহমুদুল্লাহর ব্যাটে স্বপ্নভঙ্গ লংকার।
আসলে ম্যাচ হারার চেয়েও এখানকার লোকের মুখে মুখে বেশি চলছে ওই ম্যাচে সাকিবের প্রতিবাদমুখর অবস্থান। সে সঙ্গে বাংলাদেশিদের ‘নাগিনী ড্যান্স’। তারা যেন ভাবতেই পারছে না এভাবে মুখের খাবার কেড়ে নিতে পারে টাইগাররা।
সাকিব বাহিনী তাদের ফিরে পাওয়া ছন্দ অটুট রেখে ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ে টি-টুয়েন্টিতে প্রথম কোন ট্রফি জয়ের স্বাদ এনে দিবে ১৭ কোটি মানুষের স্বপ্নপূরণে এ প্রত্যাশা দেশবাসী সকলের।
বাংলাদেশ জয়ের শিরোপা টার্গেটে মাঠে নামবে 2018-03-18