বিশেষ প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। দলীয় সূত্র জানায়, ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও বিক্রি করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং ফরমের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৬ এপ্রিল আপিল গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সবশেষে ১২ মে ভোট অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও জানান, সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারণ করা হয়েছে।

দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনে জানা গেছে, বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে।
একাধিক সূত্রের দাবি, আগামী ১৫ বা ১৬ এপ্রিলের মধ্যে ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনে জমা দিতে পারে দলটি।
দলীয়ভাবে এখনো চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ না হওয়ায় নির্দিষ্ট নাম আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নারী নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং দলীয় অঙ্গসংগঠনের সক্রিয় নারী নেতৃত্ব থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত তালিকা মনোনয়ন বাছাই প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্ভাব্য চূড়ান্ত তালিকায় আলোচনায় থাকা উল্লেখযোগ্য নাম দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে যাঁদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সংগীত শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাঁপা, সাবেক ছাত্রদল নেত্রী হাসনা হেনা হীরা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জেবা আমিন খান, বীথিকা বিনতে হোসাইন, সানাজিদা ইসলাম তুলি, ব্যারিস্টার শাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, অ্যাডভোকেট আরিফা জেসমিন, নাজনীন মাহমুদ, জেলী চৌধুরী, ডা. লুনা খোন্দকার, শাহিনুর নার্গিস, এডভোকেট রেজাকা সুলতানা ফেন্সী, সামিমা আক্তার রুবি, বিলকিস আক্তার নীলা, এডভোকেট মিনা বেগম মিনি, মমতাজ হোসেন লিপি, লুৎফা খানম স্বপ্না চৌধুরী, খাদিজা আক্তার বিনা, পাপিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন রুমা, মুকুল আক্তার অনা, সীমা চৌধুরী, ফেরদৌসী আহমেদ মিষ্টি, নিলুফা ইয়াসমিন নিলু, তানজিল চৌধুরী লিলি, এড. মমতাজ করিম, রোকসানা বেগম টুকটুকি, শাজাদী লায়লা আঞ্জুমান বানু, নাজমা আক্তার, ডা. রেয়ান আনিস, শাহিন সুলতানা বিউটি, ব্যারিস্টার সালিমা বেগম অরুনি, আছমা শহীদ, রুনা গাজী, শেখ রুনা, সেলিনা সুলতানা নিশিতা, এড. আরিফা সুলতানা রুমা, এড. শাহানুর বেগম সাগর,পপি আক্তার, নাদিয়া পাঠান পাপন, সামিরা তানজিন চৌধুরী, সাবিনা খান, সানসিলা জেবরিন প্রিয়াংকা সাবিরা সুলতানা প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

