এমএনএ প্রতিবেদক
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয় জাতীয় সংসদে।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই আইনের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে ৩২ বছর হবে।
বিলের বিধান অনুযায়ী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে পূর্বে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর ছিল, সেগুলোর ক্ষেত্রেও নতুন করে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান উচ্চতর সীমাই বহাল থাকবে।
এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যে বয়সসীমা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ দুটি রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনতেই এই বিল প্রণয়ন করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী অধ্যাদেশের কারণে কিছু বিশেষায়িত পদে বয়সসীমা সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হয়েছিল। নতুন আইনের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং যেসব পদের জন্য উচ্চতর বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

