সহিংস আন্দোলনে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি
Posted by: News Desk
February 17, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী হাইলে মারিয়ামের হঠাৎ পদত্যাগের একদিন পর জরুরি অবস্থা জারি করা হয়েছে দীর্ঘদিন সহিংস আন্দোলন চলতে থাকা আফ্রিকার দেশ ইথিওপিয়ায়।
গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইবিসি। খবর আল জাজিরা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গতকাল শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে এটা কতদিন বলবৎ থাকবে তা জানানো হয়নি। অ্যাডিস স্টান্ডার্ড নামে একটি স্থানীয় পত্রিকায় সরকারের একটি ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জরুরি অবস্থা তিন থেকে ছয় মাস রাখার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।
সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি অবস্থা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এটা তিনমাস না ছয়মাস থাকবে তা ছিল আলোচনার অন্যতম বিষয়।
রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ২০১৭ সালে শুরুতে সরকারবিরোধী সহিংস আন্দোলনে কয়েক’ মানুষ নিহত হওয়ার পর ১০ মাসের জরুরি অবস্থা জারি ছিল ইথিওপিয়ায়। গত বছরের নভেম্বরে ১০ মাসের জরুরি অবস্থা তুলে নেয় দেশটি।
ইথিওপিয়ায় বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে ২০১৫ সাল থেকে আন্দোলন করে আসছে দেশটির ওরোমো ও আমহারা জনগোষ্ঠীর বাসিন্দারা। দেশটির মোট জনসংখ্যার ৬১ শতাংশ তারা।
ওরোমো মিডিয়া নেটওয়ার্কের প্রধান জাওয়ার মোহাম্মদ এই জরুরি অবস্থাকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বলে অভিহিত করেছেন। গতকাল শুক্রবার তিনি ফেসবুকে লিখেছেন, জরুরি অবস্থা জারি ‘অপ্রয়োজনীয়, অসহযোগিতাপূর্ণ ও অবিবেচনাপ্রসূত।’ দেশে শান্তি বজায় রাখার জন্য জরুরি অবস্থা ঘোষণার মতো পদক্ষেপ ব্যর্থ। ইতোমধ্যে তা প্রমাণিত হয়েছে।
ফিলিক্স হোর্ন নামে ইথিওপিয়ার একজন মানবাধিকার কর্মী টুইটারে লিখেছেন, গতবারের জরুরি অবস্থার সময় ২০ হাজারেরও বেশি মানুষ আটক করা হয়। এ ঘটনায় মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা আরও উদ্বিগ্ন হবেন। জরুরি অবস্থাও আর কাজে আসবে না।
ইথিওপিয়ায় সহিংস আন্দোলনে জরুরি অবস্থা জারি 2018-02-17