Don't Miss
Home / আজকের সংবাদ / সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদপ্তর। সেজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কী রায় দেবেন জানি না, তবে তেমন কিছু হলে জেলকোডে যেভাবে রাখতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকে সেভাবেই রাখা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার রায় ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, সেটা আদালতের বিষয়। তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে। এজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত।
গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়িবহরের মিছিল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমরা যে চারজনকে গ্রেপ্তার করেছি, তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।
এ চারজন হলেন- ঝালকাঠির নলছিটির মাসুম বিল্লাহর ছেলে মামুন খান, চাঁদপুরের হাজীগঞ্জের আবদুল কাদেরের ছেলে রুহুল আমিন, ঢাকার আবদুল মালেকের ছেলে হারুনর রশিদ ও কিশোরগঞ্জের শফি আহমেদের ছেলে ইশতিয়াক আহমেদ নাসির।
এদের মধ্যে মামুন ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, রুহুল আমিন ঢাকার ৯৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, হারুন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নাসির ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ‘নিখোঁজ’ থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি। হতে পারে তিনি আত্মগোপন করেছেন। এটা নতুন কৌশল হতে পারে।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...