Don't Miss
Home / হোম স্লাইডার / সারাদেশে ‘বিজয় মঞ্চ’ থেকে ভোট চাইবে ১৪ দল

সারাদেশে ‘বিজয় মঞ্চ’ থেকে ভোট চাইবে ১৪ দল

এমএনএ রিপোর্ট : আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সকল জেলা উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল সোমবার সন্ধ্যায় ধানমণ্ডির নিজ বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাজাহান খান, গোলাম কুদ্দুস, লিয়াকত আলী লাকী, মেজর জেনারেল হেলাল মোরশেদ (অব.) বীর বিক্রম, দিলীপ বড়ুয়া, ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানানো হবে। বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্বয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাসস।

বৈঠকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদত হোসেন, রোকেয়া প্রাচী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দেয়ার কাজ শেষ করেছে। এখন চলছে মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাইয়ের কাজ।

এদিকে তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত সারা দেশে ৩৯টি দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে এবার।

বাছাই শেষে বাদ পড়েছে ৭৮৬টি মনোনয়নপত্র। ফলে বৈধ প্রার্থী হিসেবে এখনও মনোনয়নের দৌড়ে থাকছেন ২ হাজার ২৭৯ জন।

নির্বাচন বিধি অনুযায়ী, বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ৮ ডিসেম্বরের মধ্যে সেসব আপিল নিষ্পত্তি করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...