Don't Miss
Home / আজকের সংবাদ / সিরাজগঞ্জ বিএনপির সভাপতি থেকে টুকুর পদত্যাগ

সিরাজগঞ্জ বিএনপির সভাপতি থেকে টুকুর পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নবনির্বাচিত দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু।

গতকাল বুধবার রাত ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

গত ৬ আগস্ট বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। ওই কমিটিতে টুকুকে ভাইস চেয়ারম্যান পদ দেয়া হয়েছে।

Iqbal-Hasan-Mahmudতিনি পূর্বের কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

নতুন নীতিমালা মেনে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে বিধায় ইকবাল হাসান মাহমুদ টুকু কেন্দ্রীয় নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নিয়ে জেলার নেতৃত্ব ত্যাগ করলেন।

সিরাজগঞ্জ বিএনপির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও দলে তার প্রভাবই রয়ে যাচ্ছে। কারণ, তার ছেড়ে দেয়া পদে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তার স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদকে।

রুমানা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে টুকু দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার পর সিরাজগঞ্জ সদর আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রুমানা জেলা বিএনপির নেতৃত্বে আসার খবরে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

রুমানা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে সকল মত পার্থক্য ভুলে এক হয়ে কাজ করতে হবে।

ট্যাগসমূহ : ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির, রুমানা, সিরাজগঞ্জ,
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...