বিনোদন প্রতিবেদক
অনেক দিন ধরেই আলোচনার বাইরে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তিপ্রাপ্ত ‘রঙিলা কিতাব’ সিরিজে প্রশংসিত অভিনয়ের পর তাঁকে নতুন কোনো কাজে তেমন দেখা যায়নি। ব্যক্তিগত জীবন নিয়েও ছিল নীরবতা।
তবে সেই নীরবতা ভেঙে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে নতুন করে আলোচনায় আসেন তিনি। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে তাঁকে।
ভিডিওটি পোস্টের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে ৭ হাজারেরও বেশি।
ভিডিওতে তাঁর লুক ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেক ভক্ত। কেউ তাঁকে ‘বাংলার লেডি সুপারস্টার’ আখ্যা দিয়েছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে এর পাশাপাশি পোশাক নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। এমন এক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান পরীমনি।
সবশেষে তাঁকে দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লীসা গাজী পরিচালিত এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

