Don't Miss
Home / আজকের সংবাদ / সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারে আক্রান্ত : আইনমন্ত্রী

সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারে আক্রান্ত : আইনমন্ত্রী

এমএনএ রিপোর্ট : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত। এ কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন।’
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘কোনো চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়নি। তিনি ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত। তার বিশ্রামের প্রয়োজন। এ জন্য তিনি এক মাসের ছুটি চেয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা প্রধান বিচারপতির কথা বিশ্বাস করি। তিনি অসুস্থ। প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন আইন মোতাবেক সেইভাবে মহামান্য রাষ্ট্রপতি ছুটি মঞ্জুর করেছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘যারা প্রধান বিচারপতিকে নিয়ে গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রের জাল বুনছিল, তারাই আজ তার ছুটির বিষয় নিয়ে চিৎকার করছে।’
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ষোড়শ সংশোধনী রিভিউর সাথে প্রধান বিচারপতির ছুটির বিষয়ে কোনো সম্পর্ক নেই।
এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ মঙ্গলবার থেকে ছুটিতে যাওয়ায় আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অসুস্থতাজনিত কারণে আগামী ৩ অক্টোবর হতে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন ছুটি মঞ্জুরের বিষয়ে সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন এবং মাননীয় প্রধান বিচারপতি অসুস্থতাজনিত ছুটি ভোগকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করিয়াছেন।’
৩৯ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে উচ্চ আদালতে শুরু হয়েছে নিয়মিত বিচারিক কার্যক্রম। প্রথা অনুযায়ী, অবকাশ শেষে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তবে প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আজ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান পরিচালনা করবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে বিচারপতি ও আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।
প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহার বয়স বিচারে বিধি অনুযায়ী অবসরে যাওয়ার দিন ধার্য রয়েছে আগামী ৩১ জানুয়ারি, ২০১৮। তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০১৫ সালের ১৭ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই এক মাসের ছুটিতে গেলেন তিনি। এর আগে গত ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডা ও জাপান সফরে যাওয়ার জন্য ১৬ দিনের ছুটি নেন প্রধান বিচারপতি। তখনও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...