এমএনএ খেলাধুলা ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে জয়খরা কাটানোর পর নিউজিল্যান্ডকে অনেকটা ঘোষণা দিয়েই হারিয়েছে পাকিস্তান। সুপার টুয়েলভে টানা জয়ে এরই মধ্যে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপপর্বে তাদের পরবর্তী তিন প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া।
মঙ্গলবার (২৬ অক্টোবর) কিউইদের বিপক্ষে পাঁচ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান। তবে এ জয়ের পরও আক্ষেপ রয়ে গেছে পাক অধিনায়ক বাবর আজমের। ম্যাচশেষে তিনি বলেন, আমার মনে হয় আমরা ১০ রান বেশি দিয়ে ফেলেছি। আর ব্যাটিংয়েও শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়েছি। তবে এসব খেলার অংশ বলেও মানছেন তিনি।
এদিকে, প্রতিশোধের ম্যাচে দুর্দান্ত জয়ে সতীর্থদের প্রশংসা করতেও ভুলেননি তিনি। বাবর বলেন, আক্ষেপ থাকতে পারে, তবে জয় পাওয়া সবসময়ই দারুণ। আমরা টুর্নামেন্টজুড়ে এই আত্মবিশ্বাসকে আরও এগিয়ে নিয়ে যাব। বোলাররা, বিশেষ করে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ কার্যকর বোলিং করেছে। এছাড়া শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতানো আসিফ আলি এবং শোয়েব মালিকের কথাও ভুললেন না বাবর। কৃতিত্ব দিলেন তাদেরও।
পাকিস্তানের বিপক্ষে হারের পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, শেষ ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেনি তার দল। শেষটা খুবই হতাশার ছিল। দুর্ভাগ্যবশত শেষ ওভারগুলোতে ভালো করতে পারিনি।এদিকে, দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে অভিনন্দনও জানিয়েছেন কেন উইলিয়ামসন। তিনি বলেন, পাকিস্তান খুবই শক্তিশালী এবং সবার চোখ থাকবে তাদের দিকে।
মঙ্গলবার নিউজিল্যান্ডের করা ১৩৪ রানের জবাব দিতে নেমে দেখেশুনেই শুরু করে পাকিস্তানি দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। উদ্বোধনী জুটিতে আসে ২৮ রান। আগের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করা অধিনায়ক বাবর আজম অবশ্য এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। মাত্র ৯ রান করেই বিদায় নেন তিনি। টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরে যান বাবর। তবে অন্য প্রান্তে রিজওয়ান ছিলেন কিছুটা সাবলীল। তার ব্যাট থেকে আসে ৩৩ রান।
রিজওয়ান ফেরার পর ফখর জামান এবং মোহাম্মদ হাফিজ খুব একটা সুবিধা করতে পারেননি। ১১ রান করে সোধির বলে আউট হন ফখর জামান। হাফিজও ফিরে যান ১১ রান করে। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতন ঘটে পাকিস্তানের।তবে অভিজ্ঞ শোয়েব মালিক এবং আসিফ আলী এই বিপর্যয় সামাল দেন। দু’জন মিলে জুটি গড়ে দলকে টেনে নিয়ে যান। এই দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। শোয়েব মালিক করেন ২০ বলে ২৭ রান। আর আসিফ খেলেন ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস।নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি নেন ২টি উইকেট। এছাড়া টিম সাউদি, ট্রেন্ট বোল্ট নেন ১টি করে উইকেট।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
