এমএনএ রিপোর্ট : সাভারের জিরাবোতে ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধিকে নিয়ে ‘সোশ্যাল বিজনেস ডের’ দুই দিনব্যাপী সম্মেলন আয়োজনে পুলিশের অনুমতি পায়নি ইউনূস সেন্টার।
সম্মেলনের নির্ধারিত তারিখের আগের দিন আজ বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশকে ‘অন্ধকারে রেখে স্বল্প সময়ের আবেদনে’ কাউকে কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়।
আইজিপি জানান, ২৮ জুলাই সাভারের জিরাবোতে ‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে গত ২৩ জুলাই একটি আবেদন করা হয় ঢাকার পুলিশ সুপারের কাছে। পরদিন এ কথা জানতে পারে পুলিশ সদরপ্তর।
আইজিপি বলেন, এ ধরনের আয়োজন অত্যন্ত সম্মানের। গত কয়েক বছরে দেশে অত্যন্ত সফলতার সাথে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসব ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে হয়।
তিনি জানান, শুধুমাত্র পুলিশ সুপারকে জানিয়ে এমন সম্মেলন করা যায় না। অনেক প্রস্তুতির ব্যাপার থাকে। তাই আপাতত অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে।
জিরাবোর নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে আগামীকাল শুক্রবার এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের।
ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস এবারের অনুষ্ঠানের মূল বক্তা।
এছাড়া ওয়ার্ল্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজোরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা।
একেবারে শেষ মুহূর্তে এসে অনুমতি না পাওয়ায় ইউনূস সেন্টার তাদের পরিকল্পনায় কানো পরিবর্তন আনছে কি না তা জানা যায়নি।
ইউনূস সেন্টারের একজন মুখপাত্র জানান, সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দপ্তরে গত ২০ জুলাই চিঠি পাঠন তারা।
ওই চিঠি ২০ থেকে ২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছায় বলে ইউনূস সেন্টারের পাঠানো অনুলিপিতে দেখা যায়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

