সোহরাওয়ার্দীর জনসভামঞ্চে খালেদা জিয়া
Posted by: News Desk
November 12, 2017
এমএনএ রিপোর্ট : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশের মঞ্চে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রবিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে প্রবেশ করেন। খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছলে চার দিক থেকে তার নামে স্লোগান ওঠে। তিনি হাত উঁচিয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে বিএনপি নেতাদের নিয়ে বসেছেন খালেদা জিয়া।
এর আগে দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করছেন।
এতে আরও উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের প্রতি রাজনৈতিক সমঝোতার ডাক দিতে পারেন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে যে কোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের নির্দেশনা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দলে দলে নেতাকর্মী আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। আশপাশের পুরো এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। ফলে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা গেছে।
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দীমুখী নেতাকর্মীদের ঢল শুরু হয়।
সময় যত গড়াচ্ছে ততই বেড়ে চলেছে লোকজনের সমাগম। শাহবাগ, কাকরাইল, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী এসব এলাকা দিয়ে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশ মঞ্চের আশপাশের ল্যাম্পপোস্ট, বিভিন্ন গাছে, নেতাকর্মীদের হাতে হাতে শোভা পাচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পোস্টার, ব্যানার ফেস্টুন।
ইতিমধ্যে ঢাকাসহ রাজধানীর আশপাশের জেলা ও মহানগর বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইলের নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সকাল ৯ টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান, রমনাপার্ক, ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং এর আশেপাশে জড়ো হতে শুরু করেন।
তবে সমাবেশে অংশ নিতে এসে পথে পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। সমাবেশ সফল না হওয়ার জন্য ব্যাপক ধর-পাকড় হয়েছে বলেও অভিযোগ তাদের।
এছাড়া সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাস্তায় গণপরিবহন কমিয়ে দেয়ার অভিযোগ করেন নেতাকর্মীরা। ঢাকা ও এর আশপাশের জেলা থেকে ঢাকামুখী বাসও বন্ধ করে দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।
খালেদা জিয়া সোহরাওয়ার্দীর জনসভামঞ্চে 2017-11-12