Don't Miss
Home / আজকের সংবাদ / স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

এমএনএ রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ‘বেআইনিভাবে’ তল্লাশি চালানোর অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। এ ঘটনা উস্কানিমূলক আচরণ। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার উদ্যোগ শুরু করেছে, ভিশন-২০৩০ দিয়েছে, এরপর এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ন্যূনতম ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা। এটি দেশের রাজনীতির জন্য অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।

তিনি বলেন, সরকার সম্পূর্ণ বেআইনিভাবে চেয়াপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। এজন্য আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। কারণ আমরা মনে করি, সম্পূর্ণভাবে বেআইনি কাজ করেছে পুলিশ। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই সেটার জবাব দিতে হবে, তাকেই এর দায় বহন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই বারবার খালেদা জিয়ার ওপরে আক্রমণ করা হচ্ছে। তাকে সরকার বারবার টার্গেট করছে।

গতকাল শনিবার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলে এই অভিযান। তল্লাশির প্রতিবাদে আজ রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...