Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাধীনতা দিবসে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

এমএনএ স্পোর্টস ডেস্ক : আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা বাঙালী জাতির সঙ্গে শ্রদ্ধাভরে স্বাধীনতা দিবস উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বাংলাদেশের স্বাধীনতা দিবসে সাকিব-মুশফিকরা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজ নিজ সাইটে। এছাড়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তারা।
১৯৭১ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় সশস্ত্র মুক্তিযুদ্ধের। নানা আয়োজনে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছেন এদেশের সর্বস্তরের মানুষ।নানা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে বীর বাঙ্গালির চেষ্টার কমতি নেই। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতেই বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাংলাদেশীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। নির্বিচারে গুলি করে হত্যা করেছিল হাজার হাজার মানুষকে। ধর্ষণ করেছিল এদেশের মা-বোনদের। এই দিন থেকেই শুরু হয়েছিল ৯ মাস ব্যাপি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অবশেষে অর্জিত হলো মহান স্বাধীনতা।
বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। এ তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার, টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, মিস্টার ডিপেন্ডেবল ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মিস্টার কুলখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ ও হার্ডহিটার সাব্বির রহমান।
বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান অস্ত্রহাতে মুক্তিযোদ্ধাদের প্রতীকি ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা লিখেছেন, ‘সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।’ স্ট্যাটাসটি ইংরেজিতেও লিখে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে বাংলাদেশ দলের উইকেট রক্ষক মুশফিকুর রহিম নিজের একটি ছবি দিয়েছেন। বাংলাদেশ দলের জার্সি পরা মুশফিকের মাথায় ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা। নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমি গর্বিত, আমি স্বাধীন, আমি বাংলাদেশি। নিজেকে এমন একটি দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়ার চেয়ে গর্বের আর কিছু নেই; যে দেশটি সংস্কৃতি ও বৈচিত্র্যে সমৃদ্ধ এবং অন্যদের প্রতি সৌহার্দপূর্ণ। শুভ স্বাধীনতা দিবস মাতৃর্ভমি।
মাহামুদ্দুল্লাহ রিয়াদ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত।’ এছাড়া বাংলাদেশ দলের বামহাতি ওপেনার সৌম্য সরকার মুক্তিযুদ্ধে জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা।’
সাব্বির রহমান লিখেছেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
বিশেষ দিনটিতে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গুগলও তাদের ডুডলে জায়গা দিয়েছে লাল-সবুজ পতাকা। গুগলে ঢুকলেই দেখা যাচ্ছে উড়ছে বাংলাদেশের পতাকা।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...